সান্তোরামের হ্যাটট্রিক জয়
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে মিসৌরি, মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারিতে পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্তোরাম জয়ী হয়েছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।গতকাল মঙ্গলবার কলারাডো, মিনেসোটা ও মিসৌরি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হয়। মিসৌরির প্রাইমারিতে রিক সান্তোরাম প্রায় ৫৫ শতাংশ, ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি ২৫ শতাংশ এবং রন পল ১২ শতাংশ ভোট পেয়েছেন।মিনেসোটার প্রাইমারিতে সান্তোরাম প্রায় ৪৫ শতাংশ, রন পল ২৭ শতাংশ ও মিট রমনি পেয়েছেন ১৭ শতাংশ ভোট।এ ছাড়া কলারাডোতেও রিক সান্তোরামকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।মিসৌরি, কলারাডো ও মিনেসোটার প্রাইমারির ফলাফলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রিক সান্তোরাম। এর আগে তিনি আইওয়া অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ী হন।এখন পর্যন্ত রিপাবলিকান দলের প্রাইমারিতে নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা ও নেভাদায় মিট রমনি জয়ী হয়েছেন। এ ছাড়া সাউথ ক্যারোলাইনায় সাবেক স্পিকার নিউট গিংরিচ এবং আইওয়ায় রিক সান্তোরাম জয় পেয়েছেন।