সান্ত্বনা চাই না
‘বিশ্বকাপ জিনিসটাই যেন অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য! ক্যারিয়ারে তিনটা বিশ্বকাপ পেলাম। তিনটাই এল ভিন্ন ভিন্ন চেহারায়।২০০৩-এ আমার প্রথম বিশ্বকাপ। কী কপাল! প্র্যাকটিসে বলের ওপর পা পড়ে ইনজুরিতে, মাত্র দুই ম্যাচ খেলেই আমার বিশ্বকাপ শেষ। ২০০৭ বিশ্বকাপের পুরোটা খেলেছি এবং আমার মনে হয় ভালোই খেলেছি। বাংলাদেশ দলের মতো ওই বিশ্বকাপটা আমার জন্যও স্মরণীয়। আর এবার তো বাদই পড়লাম! বিশ্বকাপ আমার জন্য আলাদা ব্যাপার তো বটেই।২০০৩ বিশ্বকাপের কথা এখনো মনে আছে। প্রথমে ডাক্তাররা অপারেশন করার কথা বলেছিল। পরে আইসিসির ডাক্তাররা বলল, এক মাস বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তখন একটু স্বস্তি পেয়েছিলাম যে অন্তত অপারেশনটা লাগবে না। আর হোক দুইটা মাত্র ম্যাচ, বিশ্বকাপ তো খেলেই ফেলেছি! বিশ্বকাপ খেলার স্বাদ বুঝেছি। পুরো টুর্নামেন্ট খেলতে না পারায় কষ্ট পেলেও ভাগ্যকে মেনে নিয়েছিলাম। অপারেশন ছাড়া ইনজুরি থেকে সেরে উঠেছিলাম, সেটাও তো কম কথা নয়।এবার ইনজুরির কারণে বিশ্বকাপের আগেই আমি বাদ। প্রথম দুদিন খুব খারাপ লেগেছে সত্যি কথা। তবে আস্তে আস্তে নিজেকে বোঝাচ্ছি। কিছু তো করারও নেই আসলে। আবার ফেরার চেষ্টা করতে হবে...এই তো। আমার জন্য লড়াইটা নতুন নয়।ইনজুরির কথা মনে পুষে রাখলে আসলে খেলা যায় না। পুনর্বাসন তো এ জন্যই...এসব জিনিস দূর করেই আবার মাঠে ফিরে আসতে হয়। গত নিউজিল্যান্ড সিরিজে যখন ইনজুরিতে পড়লাম, ওই সিরিজ মিস করার হতাশা থাকলেও আমার চোখ ছিল বিশ্বকাপে। জানতাম, অ্যাঙ্কেলের সমস্যা এত দিন থাকবে না, ঠিক হয়ে যাবে।সেটা ঠিকও হলো। কিন্তু বিশ্বকাপের আগে আবার সেই হাঁটুর ইনজুরি, আমার ক্যারিয়ারের অনেকটাই যা চুরি করে নিয়ে গেছে। তবু আশায় ছিলাম। অস্ট্রেলিয়ান ডাক্তার ডেভিড ইয়াং আমাকে বলেছিলেন, এটা এমন কোনো সমস্যা নয় যে এখনই অপারেশন করতে হবে। আবার যদি কিছু ঘটে, তখন অপারেশন করলেই হবে। তিনি আমাকে এটাও নিশ্চিত করেছিলেন, এই মুহূর্তে খেলা চালিয়ে যাওয়াটাই ভালো হবে। চার সপ্তাহ বিশ্রাম নিয়ে খেলা শুরু করতে বলেছিলেন ইয়াং। ইনজুরিতে পড়ার পর দিন থেকে এ পর্যন্ত নিয়মিতই যোগাযোগ রেখেছি তাঁর সঙ্গে।প্র্যাকটিস শুরু করার পর আমার আত্মবিশ্বাস বেড়েছে, বিশ্বকাপ খেলার আত্মবিশ্বাস। কেন জানি মনে হতো, আমি ঠিক হয়ে গেছি, বিশ্বকাপের দলে আমি থাকব। হ্যাঁ, এটা ঠিক যে চার-পাঁচ স্টেপে বল করতে পারাই সবকিছু না। পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়াটা অন্য ব্যাপার। তবে যখন থেকে আমার বোলিং শুরু করার কথা ছিল, আমি কিন্তু তার চেয়ে আগেই শুরু করেছি। ২৬ দিনের মধ্যে যখন ক্র্যাচ ফেলে বল হাতে নিতে পেরেছি, মনের মধ্যে কেন এই বিশ্বাসটা আসবে না যে বাকি ২০-২৫ দিনের মধ্যে আমি পুরো ফিট হয়ে যাব? আমার বিশ্বাস ছিল, এটা সম্ভব। হতে পারে সামনে বিশ্বকাপ বলেই একটু বেশি মরিয়া ছিলাম ফিট হতে। বিশ্বকাপটা যেকোনো মূল্যে খেলার ইচ্ছা ছিল।আসলে আমার অবস্থা হলো সেই রোগীর মতো, ডাক্তারের বেঁধে দেওয়া সময় পেরিয়েও যে দিব্যি বেঁচে আছে। অনেক সময় দেখবেন, ডাক্তার ডেডলাইন দিয়ে বলে রোগী এত দিনের মধ্যে মারা যাবে। পরে দেখা যায়, রোগী মরে না, আরও বেঁচে থাকে। তখন রোগীর সাহস বেড়ে যায় আর ডাক্তার অবাক হয়। আমারও যত দিন যাচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে। যদিও ডাক্তার-ফিজিওদের চোখে আমি ‘আনফিট’।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি, ফিজিওরা যখন বলে একজন খেলোয়াড় এত দিনে ফিট হবে, তাদের সে কথা কোনো দিন সত্যি হয় না। আমি তাই কোনো সময়ই ফিজিও-টিজিওর ওপর নির্ভর করি না। এবারও শোনার চেষ্টা করিনি ফিজিওর রিপোর্টে কী আছে। ফিজিও তো জানে না আমি কবে খেলতে পারব। একমাত্র আমিই জানি, আমি কবে খেলতে পারব। পৃথিবীর যত বড় ডাক্তারই হোক, তারা সব সময়ই খেলোয়াড়ের কথাটাকেই শেষ কথা ধরেন। তাঁরাও মানেন, শুধু খেলোয়াড়ই বলতে পারে তার কী অবস্থা। অন্য কারও পক্ষে সেটা বলা সম্ভব নয়।তার পরও বুঝি, সমস্যা নিশ্চয়ই কিছু আছে। না হলে আমি খেলতে পারব না কেন? আপাতত সে সমস্যাগুলো নিয়েই আমার চিন্তা। চিন্তা পা নিয়ে। পা ঠিক করতে হবে। আর যদি ডাক্তার বলে এ সমস্যা কোনো সমস্যা না, এটা নিয়েও খেলা যাবে, তাহলে দেখি কী করা যায়।যতই ইনজুরিতে পড়ি, আমার মনে হয় ওয়ানডে খেলাটা চালিয়ে নেওয়া যায়। তবে টেস্ট ক্রিকেট আবার কবে শুরু করব, বলতে পারছি না। টেস্টে লম্বা সময় বল করতে হয়। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। ওই সিরিজে টেস্ট খেলতে পারব কি না, আমি নিশ্চিত নই। এ ব্যাপারে আরও চিন্তা করার প্রয়োজন আছে। তবে আর টেস্ট খেলবই না, এখনো সে রকম কোনো চিন্তা করিনি।আমার ইনজুরি নিয়ে অনেককে আবেগাপ্লুত হতে দেখছি। সমর্থকদের ভালোবাসা দেখে ভালো লাগছে। এসব দেখে আমার মধ্যেও একটা ব্যাপার কাজ করছে—মাঠে ফিরে তাদের জন্য হলেও ভালো খেলতে হবে। তারা যে আমার জন্য এতটা আবেগ দেখিয়েছে, সেটা তো ফিরিয়ে দিতেই হবে।তবে আমি কারও কাছ থেকে সান্ত্বনা চাই না। ও রকমভাবে তো আমি ক্রিকেটই খেলব না, সবাইকে তাই বলেছি। অনেক বড় বড় লোক আমাকে সান্ত্বনা দিচ্ছেন। যারা আমাকে সান্ত্বনা দিতে আসছেন, তারা ভুল করছেন। সান্ত্বনা দিতে আর কেউ না আসুক, আমি সেটাই বলব। পরিবারের সদস্যদেরও তাই বলেছি। ওরা পরিস্থিতি বুঝছে। এখানে তো কারও কিছু করার নেই। বিশ্বকাপ মিস করা বলে আমার যেমন খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে।আর আমার বাদ পড়া নিয়েও অন্য কিছু ভাবার দরকার নেই। বিশ্বকাপ দলে আমাকে কে চেয়েছে বা কে চায়নি সেটা নিয়ে আমি অন্তত ভাবিনা। আমি একটা জিনিসই জানি, আল্লাহ চান নি আমি বিশ্বকাপ খেলি। যেদিন তিনি চাইবেন, কেউই আমার খেলা ঠেকাতে পারবে না...এটুকু বিশ্বাস আছে।