সাপের দংশনেই ‘সর্পরাজের’ পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাড়িতেই সাপের বাচ্চা ফুটাতেন। বাচ্চাগুলোর মাথায় চিহ্ন এঁকে দিয়ে ছেড়ে দিতেন বাড়ির পাশে জঙ্গলে। বাচ্চাগুলো জঙ্গলে জঙ্গলেই ঘুরে বেড়াত। বড় হওয়ার পর তিনি চিহ্ন দেখে খুঁজে খুঁজে বের করতেন সাপগুলো। তিনি বলতেন, সাপে কাটা মানুষের গালে থাপড় দিলেই বিষ নেমে যায়।গতকাল বুধবার নিজের পোষা সাপের কামড়েই ‘সর্পরাজ’ আবদুর রহিমের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামে।আবদুর রহিমের শিষ্য তালহা জানিয়েছেন, আবদুর রহিমকে গতকাল সকালে সাপে কাটে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।প্রতিবেশীরা জানান, একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা গতকাল সকালে আবদুর রহিমের বাড়িতে গিয়ে তাঁর পোষা সাপ দেখতে চান। এতে রহিম প্রথমে আপত্তি করলেও অতিথির জোর অনুরোধে তিনি একটি সাপ এনে দেখান। এ সময় সাপটি হঠাৎ রহিমের ডান হাতে একটি কামড় দেয়। বিষে আক্রান্ত হওয়ার পর রহিম তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় লাশ বাড়িতে পৌঁছালে তাঁকে একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করে।দুই ভাইবোনের মধ্যে আবদুর রহিম বড়। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। শৈশব থেকেই সাপের প্রতি ছিল তাঁর ভীষণ আগ্রহ। সব সময় সাপ নিয়েই চলাফেরা করতেন।সর্বশেষ গত ২ জুলাই প্রায় ৮০টি সাপের বাচ্চা ছেড়ে দেন রহিম। ওই দিন তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি যে ঘরে ঘুমান, সেই ঘরেই বিছানার পাশে সাপের হাঁড়িগুলো সারি করে রেখেছেন। শুধু সাপ নয়, বিচিত্র ধরনের পশুপাখিও রয়েছে তাঁর সংগ্রহে।ওই দিন আবদুর রহিম প্রথম আলোকে বলেছিলেন, তিনি ছাড়া অন্য কাউকে এই সাপে কাটলে এর জন্য তিনিই দায়ী। এও দাবি করেছিলেন, সাপে কাটা মানুষের গালে একটা থাপড় দিলেই বিষ নেমে যায়। সাপের বিষ নামানোর এই মন্ত্র তিনি নাকি স্বপ্নে পেয়েছিলেন।আবদুর রহিমকে নিয়ে প্রথম আলোর ‘অন্য আলো’ সাময়িকীতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।