সাপ্তাহিক ছুটির দিনেও চট্টগ্রামে বিদ্যালয় খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কয়েকটি বেসরকারি বিদ্যালয় গতকাল শুক্রবার ছুটির দিনেও খোলা ছিল। ছাত্রছাত্রীদের কলকাকলিতে মুখর ছিল বিদ্যালয়। হরতালের ক্ষতি পুষিয়ে নিতে বিদ্যালয় কর্তৃপক্ষ এখন থেকে সাপ্তাহিক বন্ধের দিনও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।জানা গেছে, গতকাল নগরের শিক্ষাপ্রতিষ্ঠান ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজ খোলা রাখা হয়। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুই পালায় পাঠদান হয়।বাওয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘১২ জুলাই থেকে বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। হরতালের কারণে আমরা সিলেবাস শেষ করতে পারিনি। তাই ছুটির দিনে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কেউ আমাদের প্রতিষ্ঠান খোলা রাখার জন্য চাপ দেয়নি, বরং শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা বন্ধের দিন ক্লাস নিচ্ছি।’সরেজমিনে দেখা গেছে, গতকাল বাওয়া স্কুল অ্যান্ড কলেজে দুই পালায় সবার ক্লাস নেওয়া হয়। তবে সকালের পালার শিক্ষার্থীদের জুমার নামাজের আগেই ছুটি দেওয়া হয়। অভিভাবকদের সুবিধার্থে দ্বিতীয় পালার ক্লাসও আগেভাগে শুরু হয়। এ কলেজে মোট পাঁচ হাজার ৩০০ শিক্ষার্থী আছে বলে জানা গেছে।অভিভাবকেরা বলেন, গত বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতালের রেশ কাটতে না-কাটতে আগামী রবি ও সোমবার আবার হরতাল ডাকা হয়েছে। তাই ওই দুই দিন ক্লাস হবে না।ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর অভিভাবক হারুন-অর রশীদ বন্ধের দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করে গতকাল প্রথম আলোকে বলেন, বাচ্চাদের পড়াশোনার কথা বিবেচনা করেই বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।বাওয়া স্কুলের অভিভাবক মাজেদা বেগম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ খুবই ভালো। বাচ্চারা একদিন স্কুলে না গেলে পড়াশোনায় মনোযোগে ছেদ ঘটে। টানা দুই দিন হরতালের কারণে বই থেকে বাচ্চার মনোযোগ প্রায় উঠে যাচ্ছিল। বন্ধের দিনে বিদ্যালয় খোলা থাকায় বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠেছে।