সাফল্য নিয়ে সন্দেহ, তাই নরম বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের সময়সীমা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিক্ষোভ কর্মসূচি ঘোষণায় হতাশ হয়েছেন দলের অনেক নেতা-কর্মী। তাঁরা ভেবেছিলেন, সরকারকে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি না মানায় সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা আসবে।বিএনপির সূত্রগুলো বলছে, ইলিয়াস আলী গুম হওয়ার পর আন্দোলন জোরদার করতে গিয়ে বারবার হোঁচট খায় বিএনপি। সেই ধকল এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দলটি। ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অনেক দিন কারাগারে থাকার পর গত রাতে মুক্তি পেয়েছেন। এ অবস্থায় কঠোর আন্দোলনে গিয়ে কতটুকু সফলতা পাওয়া যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। তাই হরতাল, অবরোধের মতো কঠোর কোনো আন্দোলনের কর্মসূচি আপাতত ঘোষণা করা হয়নি।দলের অনেকেই মনে করছেন, এই সরকারের এখনো দেড় বছর সময় আছে। এখনই কঠোর কর্মসূচি ঘোষণা করে তা কত দিন অব্যাহত রাখা যাবে, তা নিয়েও নেতাদের মধ্যে প্রশ্ন আছে। এ অবস্থায় শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জনসমর্থন বাড়াতে চায় দলটি। আর সরকারের শেষ বছর থেকে কঠোর আন্দোলনে যেতে চায়।তবে প্রকাশ্যে বিষয়টি স্বীকার করছেন না বিএনপির নেতারা। তাঁরা বলছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় বিএনপি। ১১ জুনের কর্মসূচি তারই বহিঃপ্রকাশ।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, অনেকে হয়তো ভেবেছিলেন হরতাল বা এ ধরনের কঠোর কোনো কর্মসূচি ঘোষণা করা হবে। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে এ ধরনের কোনো কর্মসূচি আপাতত দেওয়া হয়নি। এ নিয়ে হয়তো ব্যক্তিগতভাবে কেউ হতাশ হতে পারে। তবে এ ধরনের কোনো কিছু তাঁরা জানতে পারেননি। তাঁর দাবি, দলের ভেতরে-বাইরে সবাই তাঁদের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তাদের হটানো সম্ভব। তিনি বলেন, সরকার সংঘাত চায়। কিন্তু বিএনপি সব সময় তা এড়িয়ে চলে। তার মানে এই নয় যে বিএনপি পিছু হটেছে। প্রয়োজনে যেকোনো সময় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে সরকার সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে প্রধান বিরোধী দল বিএনপি। ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে একাধিক রোড মার্চ কর্মসূচি শেষে গত ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করে বিএনপির নেতৃত্বাধীন জোট। সেই সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে তিন মাসের সময়সীমা বেঁধে দেন খালেদা জিয়া। গত ১০ জুন সেই সময়সীমা শেষ হয়।নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, তাঁরা ভেবেছিলেন ১১ জুনের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি আসবে। কিন্তু তা হয়নি। সমাবেশ থেকে একেবারে সাধারণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণায় অনেকেই হতাশ হয়েছেন। এতে দলের সাংগঠনিক সামর্থ্যও অনেকের কাছে প্রশ্নের মুখে পড়েছে।সমাবেশ চলাকালে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারাও তাঁদের বক্তব্যে এক দফা ঘোষণা করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন। কর্মীদের অনেকেও খালেদা জিয়ার বক্তব্যের সময় হরতালের মতো কর্মসূচির সমর্থনে স্লোগান দেন। কিন্তু তা পূরণ হয়নি।বিএনপির একাধিক সূত্র বলছে, এ অবস্থায় হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করছে দল। কারণ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর হরতাল কর্মসূচি পালিত হলেও মাঠে নেতা-কর্মীদের সেভাবে দেখা যায়নি। এখন নতুন করে যুক্ত হয়েছে মামলার ভয়। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে যাওয়ায় কর্মীদের মধ্যেও আতঙ্ক ঢুকে গেছে। এ অবস্থায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হলে হয়তো কর্মীদের মাঠে সেভাবে পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন দলের নেতারা। তাই কঠোর কর্মসূচি ঘোষণা থেকে পিছু হটেছে দলটি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘আমার একটু কৌতুকবোধ হচ্ছে এই কারণে যে বিএনপি হরতাল দিলে আপনাদের পাঠকদের মুখে এই কথা শুনি—দেশ গেল, অর্থনীতি গেল। আর হরতাল না দিলে শুনি তারা হতাশ, কেন হরতাল দিল না। বাস্তবতা হচ্ছে এই, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চায়, যেখানে লগি-বৈঠার রাজনীতির পরিবর্তে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে সাধারণ নির্বাচন করে সরকার পরিবর্তন হতে পারে। ১১ জুনের দেওয়া বিএনপির কর্মসূচি এই চিন্তাধারারই বহিঃপ্রকাশ।’