সাফল্য-রেখা এঁকে বিদায় নিল এসএ গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্সবের দেশ আর পার্বণের দেশে উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান জমবে না তাই কি হয়? গেমস কাভার করতে আসা বিদেশি সাংবাদিকেরা এখনো মুগ্ধ হয়ে রয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। দেখা হলেই বলেন, কী অনুষ্ঠানটাই না করল বাংলাদেশ!কাল একাদশ এসএ গেমসের সমাপনী অনুষ্ঠানের আলোও তাদের চোখ ধাঁধিয়ে দিল। অসাধারণ সব ডিসপ্লে, চোখধাঁধানো আতশবাজির খেলা আর মনোরম অ্যাকোয়াটিক শো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ছুঁয়ে গেছে অপূর্ব এক মুগ্ধতায়।মুগ্ধতা দিয়ে শেষ হলো যে অনুষ্ঠান, তার শুরুটা কিন্তু হয়েছিল করুণ। পড়ন্ত বিকেলে গেমসের মাসকট ‘কুটুম’ মাঠে ঢুকল। পুরো মাঠ ঘুরে সবাইকে অভিবাদন আর অভিনন্দন জানাতে জানাতেই সে মনে করিয়ে দিল, আজ বিদায়ের দিন। চলে যেতে যেতে বলল—বিদায় বন্ধু, এল বিদায়ের ক্ষণ। সহসাই বঙ্গবন্ধু স্টেডিয়াম-জুড়ে বেজে উঠল বিদায়ের বিউগল। বিদায় বেহাগ হূদয় ভাঙবে—এই ভয়েই হয়তো বিদায় শব্দটা উচ্চারণ করতে চাইছিল না কেউ। কিন্তু কাউকে না কাউকে বিদায় নামের কঠিন শব্দটা বলতেই হতো। ঘোষণা করতে হতো আনুষ্ঠানিক সমাপনীর। সবার পক্ষ থেকে সেই কাজটা করলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আব্দুল মুবীন। পরে অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সফল গেমস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব ক্রীড়াবিদ ও সংগঠককে জানিয়েছেন অকুণ্ঠ ধন্যবাদ। বিদায়ী মার্চপাস্টে মাঠে নেমেছিলেন যে অ্যাথলেটরা, তাঁরা চলে যেতে যেতে একে অপরের সঙ্গে করলেন বিদায়ী করমর্দন। সেখানে গেমসের সেরা ভারত আর সবার নিচে থাকা মালদ্বীপের অ্যাথলেটরা মিলেমিশে হয়ে গেলেন একাকার। অ্যাথলেটরা চলে গেলে একে একে মাঠে নামল ডিসপ্লে দল। সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী নাচ দেখিয়ে মাঠ ছাড়তে না ছাড়তেই মণিপুরিরা পসরা মেলে ধরে তাদের ইতিহাস আর ঐতিহ্যের। এল গারো সম্প্রদায়ের লোকেরাও। দেখিয়ে গেল তাদের নিজস্ব সংস্কৃতি। ফুটে ওঠে আরও আরও পাহাড়ি সংস্কৃতি। বঙ্গবন্ধু স্টেডিয়াম যেন এক টুকরো পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠল। হয়ে উঠল ময়মনসিংহের গারো পাহাড়। আর গ্যালারিতে তখন ইডেন মহিলা কলেজের সাড়ে তিন হাজার ছাত্রী ডিসপ্লেতে ফুটিয়ে তুলল ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’। কী চমত্কার সম্মিলন! মাত্র দুশ টাকা দামের একটি সৌজন্য শাড়ি পরে দীর্ঘ শারীরিক ক্লান্তি ভুলে মেয়েরা যে ডিসপ্লে ফুটিয়ে তুলল, এককথায় তা অসাধারণ। তবে ডিসপ্লেতে ‘স্বাগতম’ শব্দটি না থেকে যদি ‘বিদায়’ লেখা হতো তাহলেই মানাত ভালো। তার পরও সেই বেমানানকে মেনে নিয়েই সবাই মেতে গেল সমতলের নাচে। সেখানে দ্বিজেন্দ্ররাল রায়ের ‘ধনধান্য পুষ্প ভরা’ গানে তুলে ধরা হলো চিরায়ত বাংলাকে। সমতলের নাচের পর ছিল আরেকটা বেমানান ব্যাপার। অনুষ্ঠান মাতাতে গান গাইতে এসেছিল লক্ষ্মীট্যাঁরা নামের একটি ব্যান্ড। তারা গাইল, তবে দর্শক মাতাতে পারল কি না ঠিক বোঝা গেল না। সেটা না পারলেও শচীন দেব বর্মণকে ঠিকই ট্যাঁরা করে দিতে পেরেছে লক্ষ্মীট্যাঁরা। শচীনের তিনটি গান পরিবেশন করেছে তারা। অমন লক্ষ্মীছাড়া রিমিক্সে তাঁর গান এর আগে কেউ করেছে কি না কে জানে!এর পরই এল সমাপনী অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়—অ্যাকোয়াটিক শো ও আতশবাজির খেলা। ৩ ঘণ্টা ৫ মিনিটের সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণের অংশটুকু ছিল ১৫ মিনিটের। এই ১৫ মিনিটই ভুলিয়ে দিল আগের ওই ছোটখাটো ভুলগুলো। আতশবাজির আলোর সঙ্গে নিভে গেল একাদশতম দক্ষিণ এশীয় গেমসের সব আয়োজন। আবার একটা গেমস জমবে। হয়তো সেটা হবে হায়দরাবাদে। এই শহরই সবার আগে প্রার্থিতা পেশ করেছে। হয়তো ২০১৩ বা ২০১৪ সালেই আবার জ্বলবে দক্ষিণ এশীয় গেমসের আলো। সেই আলোতে একাদশ দক্ষিণ এশীয় গেমসে পাওয়া বাংলাদেশের সেরা সাফল্য কি ঔজ্জ্বল্য ধরে রাখতে পারবে?