শারীরিকভাবে ম্যাচটা কি খুব কঠিন ছিল?সাকিব আল হাসান: শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আজকে গরম মনে হয় একটু বেশি ছিল। এত গরম আগে ছিল না। ব্যাটিংয়ের সময় খুব খারাপ লাগছিল। আর বোলিংয়ের সময় কীভাবে যে ৫০ ওভার মাঠে ছিলাম, আল্লাহই জানে! আমি কিছুই বলতে পারব না। আসলে ভালোভাবে ম্যাচটা শেষ করতে পেরেছি, এটাই শেষ কথা। আমার মনে হচ্ছিল যখন-তখন একটা ক্র্যাম্প করতে পারি বা কোনো একটা ইনজুরিতে পড়তে পারি। পুরোপুরি কনফিউজড ছিলাম। তার পরও ৫০ ওভার ফিল্ডিং করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। ২৪১ রান করার পর আত্মবিশ্বাসী ছিলেন যে ম্যাচ জিতবেন?সাকিব: আসলে এতকিছু ভাবিনি। জানতাম আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে আমরা অবশ্যই জিতব। বিশ্বাস ছিল, আমাদের পেসাররা শুরুতে ভালো করলে ম্যাচ জেতা সম্ভব। ৪৯তম ওভারে যখন বল হাতে নিলেন, কী মনে হচ্ছিল?সাকিব: আমার আগে থেকেই পরিকল্পনা ছিল যে শেষ তিন ওভারের দুই ওভার স্পিনাররা করবে, আর এক ওভার পেসার। আমি যে পাশ থেকে বোলিং করেছি, সেই পাশের সীমানা একটু বড় ছিল, আর ওদের প্রায় সবাই ডানহাতি। তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম আমি শেষের দিকে বোলিং করব। প্রথম বলটা একটু বাজে হয়ে গিয়েছিল, চার খেতে হয়েছে। তবে আমি আত্মবিশ্বাস হারাইনি। কারণ এর আগেও বেশ কিছু ম্যাচে আমি শেষের দিকে বোলিং করেছি। তাই জানতাম, জায়গামতো বল রাখতে পারলে সমস্যা নেই। ওয়েস্ট ইন্ডিজেও বাংলাদেশ সিরিজ জিতেছিল আপনার নেতৃত্বে। দুটোর মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন?সাকিব: অবশ্যই, এটা। কারণ এখানে আমাদের অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। আমি কোনো জয়টাকেই খাটো করছি না। তবে এই সিরিজটা অনেক বেশি কঠিন হয়েছে। প্রথম ম্যাচ, আজকের ম্যাচ অনেক ক্লোজ হয়েছে। এত প্রতিদ্বন্দ্বিতার পর জিতেছি বলেই এই সিরিজটাকে একটু এগিয়ে রাখছি। ফিফটির পর দর্শক উল্লাস করছিল, কিন্তু ব্যাট তুললেন না যে! খেয়াল করেননি?সাকিব: খেয়াল করেছি। আসলে আগের ম্যাচগুলোয় অনেকে ফিফটির পর আউট হওয়ার পর আমিই বলেছি যে আমাদের লম্বা ইনিংস খেলা উচিত। কোচ জেমি সিডন্সও বলেছিলেন, তোমার যদি মনে হয় ফিফটির পর ব্যাট তুলবে না, তাহলে তোলার দরকার নেই। আমার মনে হচ্ছিল এখনো অনেক কাজ বাকি আছে, তাই ব্যাট উঠাইনি। সেঞ্চুরির কিছুক্ষণ আগে মাঠের বাইরে ছুটে গিয়েছিলেন এক দর্শককে সরিয়ে দিতে, কী হয়েছিল আসলে?সাকিব: আসলে অনেকক্ষণ থেকে বলা হচ্ছিল, গ্রাউন্ডসম্যানরা বলছিল, দর্শক হয়তো খেয়াল করেনি। যেহেতু আমি মাঠে খেলছি, তাই ভাবলাম আমাকে হয়তো খেয়াল করছে। তা ছাড়া নিউজিল্যান্ডের ফিল্ডাররাও তাড়া দিচ্ছিল খেলা শুরুর জন্য। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ৩-০, বাংলাদেশ কি অবশেষে বড় দল হয়ে উঠছে?সাকিব: এখনো বড় দল হইনি। তবে এটা ঠিক দেশের মাটিতে আমরা এখন অনেক শক্ত দল। হয়তো এশিয়ার দলগুলোর সঙ্গে কাজটা একটু কঠিন হবে, কিন্তু অন্য যেকোনো দলকে আমরা নিজেদের কন্ডিশনে অনেক ভোগাতে পারব। হোয়াইটওয়াশের ব্যাপারে কতটা আশাবাদী?সাকিব: আগেই বলেছি, এখনো উন্নতির জায়গা আছে। আজ শেষের ওভারগুলো ভালো খেলতে পারলে আমরা হয়তো আর ১৮-২০ রান বেশি করতে পারতাম। আরও ছোটখাটো কিছু জায়গা আছে উন্নতির। দল যখন ভালো খেলতে থাকে, তখন আসলে সবাই পারফর্ম করতে চায়। ব্যাটে-বলে দুর্দান্ত করলেন, দল সিরিজ জিতল, এটাই কি কারিয়ারের সেরা সিরিজ?সাকিব: ব্যাটিংয়ের কথা চিন্তা করলে হয়তো সেরা, কিন্ত বোলিং নিয়ে আমি ঠিক সন্তুষ্ট নই। আসলে মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে। গ্যাপ পড়ে গেলে আমার বোলিংয়ে একটু ঝামেলা হয়। আশা করি, আস্তে আস্তে ভালো হবে। আর অধিনায়ক হিসেবে বলব, সিরিজ জয়টা বড় এক অর্জন। এমন একটা দলের অংশ হতে পারাটা বড় একটা ব্যাপার। যেমন আজকে আমি বোলিং-ফিল্ডিং পরিবর্তন করেছি, কিন্তু খুব বেশি কথা বলিনি। সবার একটা মিলিত অবদান ছিল, যেটা আমি এর আগে বাংলাদেশ দলে খুব বেশি দেখিনি। এই সিরিজ জয়ের প্রভাব নিশ্চয়ই বিশ্বকাপেও দেখা যাবে?সাকিব: ২০০৭ বিশ্বকাপের আগেও আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, যেটা বিশ্বকাপে খুব কাজে দিয়েছিল। এবার বিশ্বকাপের আগে আমাদের জিম্বাবুয়ে সিরিজ আছে। ওই সিরিজটাও যদি জিততে পারি, বিশ্বকাপে অবশ্যই আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব।