অনেকের ধারণা, পিঞ্চ-হিটিংয়ের পরিকল্পনা আমরা বিশ্বকাপের জন্য করেছিলাম। আসলে ১৯৯৪ সালেই আমরা সনাৎ জয়াসুরিয়াকে রোশন মহানামার সঙ্গী হিসেবে ব্যবহার করেছি। সনাৎ ছিল প্রাণোচ্ছল বাঁহাতি স্পিনার, যে লোয়ার অর্ডারেও দারুণ ব্যাট করত। আমি ওর মধ্যে হার্ডহিটিং ওপেনারের ছায়া খুঁজে পাই।অবশ্য জয়াসুরিয়া আর কালুভিতারানাকে ওপেন করতে পাঠাই ১৯৯৬ অস্ট্রেলিয়া সফরে গিয়ে। ছয় নম্বরে তখন দারুণ ব্যাট করছিল কালু। নিয়মিতই ৩০-৪০ রান করে যাচ্ছিল। আমি তখন একদিন ম্যানেজার দিলীপ মেন্ডিসকে বললাম, সনাতের সঙ্গী হিসেবে কালুকে চেষ্টা করে দেখা উচিত। তিনি আর কোচ ডেভ হোয়াটমোর দুজনই রাজি হলেন।ডেভ অবশ্য শুরুতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দিলীপ আর আমি তাঁকে শেষ পর্যন্ত রাজি করাই। সনাৎ ও কালুর মধ্যে আমরা দুজন বিগ হিটিং ওপেনার পেয়ে গেছি বলেই যে এই দুঃসাহসিক পরিকল্পনা নিতে পেরেছিলাম, তা নয়। বরং এটি নিতে পেরেছিলাম আমাদের মিডল অর্ডার খুবই শক্তিশালী এবং শুরুর ওই ঝুঁকিটা নিতে সমর্থ ছিল বলেই। তিনে অশঙ্কা গুরুসিনহা, এরপর অরবিন্দ ডি সিলভা, আমি, রোশন মহানামা, হাশান তিলকরত্নে। আমাদের মিডল অর্ডার এতটা শক্তিশালী না হলে হয়তো শুরুতে এমন ঝুঁকি আমরা কখনোই নিতাম না। ডেভের সবচেয়ে বড় গুণ ছিল আমাদের দুর্বলতাগুলো দ্রুত খুঁজে বের করা। তিনিই প্রথম ধরতে পেরেছিলেন, আন্তর্জাতিক মানের চেয়ে আমাদের ফিটনেস পিছিয়ে। তিনি অ্যালেক্স কন্টুরিকে নিয়ে এলেন। ও আমাদের ফিটনেস বাড়িয়ে দিল। ডেভের সবচেয়ে বড় অবদান, তিনি আমাদের ক্রিকেটের সংস্কৃতিটা খুব ভালো বুঝে নিয়েছিলেন। তিনি ধরনটি পাল্টে দিতে চাননি। শুধু আমাদের সমস্যার জায়গাগুলো নিয়ে মাথা ঘামাতেন। সব সময় নতুন আইডিয়া নিয়ে কথা বলতেন, যেকোনো নতুন আইডিয়াকে স্বাগতও জানাতেন।দিলীপ, ডেভ, অরবিন্দ আর আমার মধ্যে পুরো বিশ্বকাপে বোঝাপড়া ছিল দারুণ। এটা আমাদের শিরোপা জয়ে অনেক প্রভাব ফেলেছে। দিলীপ খুবই সমর্থন দিয়েছেন। তিনি প্রধান নির্বাচকও ছিলেন। যে খেলোয়াড়কে চেয়েছি সেই খেলোয়াড়কেই দিয়েছেন। তিনি জানতেন, আমাকে আমার মতো কাজ করতে দেওয়া না হলে পদত্যাগ করতে দ্বিধা করব না। ডেভ যেমন বুঝতে পেরেছিলেন, অধিনায়ককে সবচেয়ে ভালোভাবে সাহায্য করা যায়, যদি তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়।১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি মনে রাখা হবে ওয়ানডে ক্রিকেটের কৌশল পাল্টে দেওয়ার জন্য। ১৯৯৯ সালের মধ্যেই প্রায় সব দলই দুজন মারকুটে ওপেনার দিয়ে শুরু করেছে, যারা প্রথম বল থেকেই হাঁকাতে শুরু করে।এই বিশ্বকাপ কে জিতবে? সেই দলটাই—যারা একটি একটি করে ম্যাচ ধরে ধরে এগোবে। পুরো বিশ্বকাপের কথা ভেবে মাথা ভারী করে রাখবে না। দলটিকে এখানকার কন্ডিশন খুব ভালো করে বুঝতে হবে, কন্ডিশনের সুবিধা তুলতে হবে। এ কারণেই আমার মনে হয়, ভারত ও শ্রীলঙ্কা টুর্নামেন্টের সেরা দুটো দল। লাসিথ মালিঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কার এবারের যে বোলিং আক্রমণ, সেটি ১৯৯৬ বিশ্বকাপের চেয়ে অনেক ভালো। ব্যাটিংটা অবশ্য, বিশেষ করে মিডল অর্ডারে ধারাবাহিকতার সমস্যা আছে। কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনেকে তাই বিশেষ ভূমিকা রাখতে হবে।