সাফল্যের বসত হলো সাহসের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ১৯৭৯ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসঘোরে বটে কালের চাকা বক্রগতিতে, তাই বলে তার ঘোরার গতিপ্রকৃতি এমন করে মানুষের বুদ্ধি কেড়ে নেবে, তা আবার ভাবনায় আঁটে না। যে দলটি ১৯৮৩-তে বিশ্বকাপের ধন তোরঙ্গে তুলে সবাইকে বলিয়ে ছাড়ে—সম্ভব এটি ক্রিকেট বলেই; সেটি চার বছর আগে (১৯৭৯ সালে, বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসরে) একটি ম্যাচও জিততে পারেনি। তিন ম্যাচ তিন পরাজয়। নিট রানরেটে তাদের তলায় শুধু কানাডা; টেস্ট পরিবারের বাইরে থেকে এসে মহাভোজে পাত পাওয়া দ্বিতীয় দল। প্রথমটি শ্রীলঙ্কা। এমনকি অস্ট্রেলিয়া, প্রথমবারের ফাইনালিস্ট, ১৯৮৭ থেকে বিশ্বকাপ জেতাকে অভ্যাসেই প্রায় পরিণত করল, তারাও জিতেছিল মাত্র একটি ম্যাচ। ‘না জিতলেই বা এমন কী হতো!’—জেতার পর তারা ভেবেছিল কিনা তারাই জানে, কারণ শক্তিবিচারে যে দলটির নাম তালিকার তলা থেকে সবার আগে পড়তে হতো তাদের বিরুদ্ধে। দলের নাম কানাডা।গ্রুপ বিভাজনে একদিকে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও কানাডা (গ্রুপ-এ), অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৬০ ওভারের খেলা; খেলছেন গ্রাহাম গুচ, ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস, ডেসমন্ড হেইন্স, গর্ডন গ্রিনিজ, আলভিন কালীচরণ, জহির আব্বাস, মাজিদ খান, জাভেদ মিয়াঁদাদ; তার পরও কোনো ম্যাচেই ৩০০ রানের ইনিংস বসছে না; যেখানে বিশ্বকাপের প্রথম আসর ছবিটি দেখছে চারবার এবং প্রথম ম্যাচটি দিয়েই তার শুরু (১৯৭৫ সালের ৭ জানুয়ারি, লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড, ৩৩৪/৪)!১৯৭৯-এর বিশ্বকাপ আসরই একমাত্র আয়োজন, যেখানে সব কটি ইনিংসই ছিল তিন শর বাঁয়ে। গ্রুপ পর্যায়ে বারো ম্যাচে দু শর বেশি রান উঠেছিল মাত্র তিনটি ইনিংসে, আড়াই শর বাড়া একটিতে। সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের ২৯৩/৬, সেমিফাইনালে (ওভাল), পাকিস্তান (২৫০)-এর মোকাবিলায়। সেবার সেমিফাইনাল দুটিতে প্রতিদ্বন্দ্বিতা যা হওয়ার হয়েছিল, বয়কট-ব্রিয়ারলির মহা সাবধানতায় আর জগদ্দল উপস্থিতি ফাইনালের আনন্দে টেমসের বরফঠান্ডা জল ঢেলে দিয়েছিল।তেমন পর্যায়ে যাওয়ার আগে নিউজিল্যান্ড দেখিয়েছিল—শেষ পর্যন্ত কিছু হোক না হোক, টেস্ট পরিবারের দুর্বলতম সদস্য হিসেবে গোনায় নিয়ে তাদের নামের পাশে যে যা-ই লিখুক, বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল পর্যন্ত তারা ভিন্ন দল। দ্বিতীয়বার সেমিফাইনালে উঠে তারা হারল বটে ইংল্যান্ডের কাছে, তবে সে হারেও দ্যুতি ছিল, জ্যোতি ছিল এবং গতি ছিল। টস জিতে ওরা ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাল (ওল্ড ট্রাফোর্ড) এবং কাজটি যে খারাপ করেনি বুঝিয়ে দিতে খুব সময় নিল না (৩৮/২)। গ্রাহাম গুচকে (৮৪ বলে ৭১) নিয়ে ব্রিয়ারলি (১১৫ বলে ৫৩) না পারলে ও পরে ক্ষিপ্রতায় তোলা ডেরেক র‌্যান্ডলের ৪২ (৫০ বল) ভান্ডে না পড়লে ৯৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড ২২১ পর্যন্ত যায় না (৮ উইকেটে)।নিউজিল্যান্ডের জবাবের পুরোটা জুড়েই ছিল জন রাইটের প্রতিরোধ (১৩৭ বলে ৬৯)। তিনি সঙ্গসহায়তা না পেলেও একেবারে শেষ দিকে বোলার ও প্রায় ব্যাটসম্যানের ধমাধম কিছু মারপিটে কিছু রান উঠলেও তারা আটকে যায় ২১২ রানে (৯ উইকেটে)। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। ওভার ৪ রানে শেষ হয়। পরাজয় ৯ রানের।দ্বিতীয় সেমিফাইনালে, টুর্নামেন্টের সবচেয়ে বড় ইনিংসটি দাঁড় করিয়ে (২৯৩/৬, ওভাল; গ্রিনিজ ৭৩, হেইন্স ৬৫; উদ্বোধনী জুটিতে ১৩২) ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের জন্য কাজটি কঠিন করে রেখেছিল। কিন্তু, একজোড়া রানমেশিন; মাজিদ খান (১২৪ বলে ৮১) ও জহির আব্বাস (১২২ বলে ৯৩) সেটিকে তুচ্ছজ্ঞান করে এগোচ্ছিলেন আর ক্যারিবিয়ানদের হাড়ের নলিতে ভয়ের হাওয়া ঢুকিয়ে দিচ্ছিলেন। দ্বিতীয় উইকেটে, ৩৬ ওভারে, তাঁরা জুড়ে দেন ১৬৬। এর পরও পাকিস্তানকে ৪৩ রানে হারতে হলো (৫৬.২ ওভারে ২৫০)। জহির আব্বাস মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া অবিশ্বাস্য ধসে পাকিস্তান ৯ উইকেট হারায় ৭৪ রানে। যারা এ পতন দেখেছে, তাদেরই বলতে হয়েছে—এ দলের উচিত নয় ফাইনালে ওঠা। ফাইনালে টস জেতা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়ে শ ছোঁয়ার আগেই ৪ উইকেট (৯৯/৪) ফেলে দেয়। উইকেট চারটি আসলে চারটি পিলার। গ্রিনিজ, হেইন্স, কালীচরণ ও লয়েড (বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালের সেঞ্চুরিয়ান)। তারপর ‘রোখো’ হুংকারে মাঠ ফাটাতে নেমে পড়া দুজন ব্যাটসম্যানের। একজনের ব্যাটের জোর ছিল ভাবনীয় (রিচার্ডস, ১৫৭ বলে ১৩৮; ১১ চার, ৩ ছয়), অন্যজনের তোড়ফোঁড় আর শোর ছিল হঠাৎ হাওয়ায় ভেসে আসা ভালোবাসার ধনের মতো (কলিস কিং, ৬৬ বলে ৮৬, চার দশটি, ছয় তিনটি)। ১৩০.৩০ স্ট্রাইক রেটে ইংল্যান্ডকে বড় হেলাফেলায় আর অবজ্ঞায় টুটোফাটা করে দিয়েছিলেন মূলত রাজকীয় স্টাইলের ‘কিং’। রিচার্ডসের পঞ্চম উইকেটে ১৩৯ রানের পার্টনারশিপ গড়ার পর (ভিভিয়ান রিচার্ডসের মতো ভীষণদর্শন ব্যাটসম্যান দর্শক বানিয়ে জুটির ৬২ শতাংশ রান তিনিই তোলেন) দলের নতুন ও আয়ুক্ষীণ এই সেনসেশন যখন বিদায় নেন, ওয়েস্ট ইন্ডিজ মজবুত অবস্থানে (২৩৮/৫)। সেখানেই যদি ওদের থামতে হতো, ইংল্যান্ডের ১৯৪ রানের চেয়ে তাদের সংগ্রহে ৪৪ রান বেশি থাকত। শেষ পর্যন্ত সে ব্যবধান দাঁড়িয়েছিল ৯২ রান। বয়কট-ব্রিয়ারলির উদ্বোধনী জুটির শম্বুকভ্রমণ (৩৮ ওভারে ১২৯; বয়কট ১০৫ বলে ৫৭, ব্রিয়ারলি ১৩০ বলে ৬৪) ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দুই আসরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পথে রোখার পরিবর্তে বরং এগিয়েই দিয়েছিল। গুচ এসে মেরামতির সামান্য চেষ্টা করে স্কোরকে একটা শোভন পর্যায়ে (১৮৩/২) নিয়ে যান; কিন্তু, সে ছবির সব আলো হারিয়ে যায়, যখন শেষ আটটি উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে মাত্র ১১ রান (৫১ ওভারে ১৯৪ রানে অলআউট)। লর্ডসের আকাশ-বাতাস ও মৃত্তিকা সম্মেলক গাইল—‘সাহসীর ঘরে সাফল্যের বসত’।