সাফাই সাক্ষীর তালিকায় সালমান এফ রহমান ও এক বিচারপতির নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের দেওয়া চারজন সাফাই সাক্ষীর তালিকায় শিল্পপতি সালমান এফ রহমান ও বিচারপতি শামীম হাসনাইনের নাম রয়েছে।সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে সাফাই সাক্ষীদের নামের এ তালিকা জমা দেন।রেজিস্ট্রার কার্যালয় সূত্র ও রাষ্ট্রপক্ষ জানায়, সাফাই সাক্ষী হিসেবে যে চারজনের নাম দেওয়া হয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাইউম রেজা চৌধুরী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান আহমেদ সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইন ও নিজাম আহমেদ।তালিকায় এ চারজনের নাম থাকার বিষয়টি নিশ্চিত করে ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই সাফাই সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হয়েছে।আবেদনে সাক্ষীদের নাম ও ঠিকানা ছাড়া আর কোনো তথ্য দেওয়া হয়নি। আবেদনে দাবি করা হয়, ‘অভিযুক্ত আবেদনকারী (সাকা চৌধুরী) একাত্তরে কোথায় ছিলেন এ বিষয়ে ওই ব্যক্তিদের সরাসরি ব্যক্তিগত জ্ঞান আছে। বিচারপতি শামীম হাসনাইন ও আবেদনকারী একসঙ্গে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং একাত্তরের আগস্টে পরীক্ষায় অংশ নেন।’যোগাযোগ করা হলে কাইয়ুম রেজা চৌধুরী প্রথম আলোকে জানান, অনুমতি নিয়েই তাঁর নাম আসামিপক্ষের সাক্ষী তালিকায় লেখা হয়েছে। সাকা চৌধুরী তাঁর খালাতো ভাই এবং তিনি সাক্ষ্য দিতে যাবেন।নাম থাকার বিষয়ে বক্তব্য জানতে বিকেলে সালমান এফ রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোনে তাঁকে না পেয়ে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলে বিকেল পাঁচটা ২৬ মিনিটে প্রত্যুত্তরে জানান, তিনি বোর্ড মিটিংয়ে আছেন।গত বছরের ১৭ মে সাকা চৌধুরীর পক্ষে এক হাজার ১৫৩ জন সাফাই সাক্ষীর নামের তালিকা জমা দেয় আসামিপক্ষ। ওই তালিকায় রাজনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষক, বিচারপতিসহ কয়েকজন পরিচিত ব্যক্তিত্বের নাম ছিল। তাঁদের মধ্যে ছিলেন কাদের সিদ্দিকী, বদরুদ্দীন উমর, সিরাজুল আলম খান, আনোয়ার হোসেন মঞ্জু, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অলি আহমদ প্রমুখ। রাষ্ট্রপক্ষ ওই দীর্ঘ তালিকাকে ‘হাস্যকর’ ও ‘বিচার বিলম্বিত করার কৌশল’ হিসেবে উল্লেখ করে। চলতি মাসে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে রাষ্ট্রপক্ষ ওই সাফাই সাক্ষী তালিকা বাতিলের আবেদন করে। ১৩ জুন ট্রাইব্যুনাল ওই তালিকা বাতিল না করে সাফাই সাক্ষীর সংখ্যা পাঁচজনে নির্দিষ্ট করে দেন। আদেশে বলা হয়, অ্যালিবাই (অপরাধ সংঘটনকালে ঘটনাস্থলে না থাকার দাবি) প্রমাণের জন্য আসামিপক্ষের পাঁচজন সাক্ষী যথেষ্ট। ১৭ জুন থেকে আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাকা চৌধুরী নিজে জবানবন্দি দেওয়া শুরু করেন। ৩০ জুন (রোববার) তিনি আবার জবানবন্দি দেবেন। প্রথম দিনের জবানবন্দিতে তিনি বলেন, তাঁর কাজিনদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী, সালমান এফ রহমান প্রমুখ।বাকি চারজন সাফাই সাক্ষীর তালিকা গতকাল দেওয়া হলো।