সাফাই সার্টিফিকেট দিচ্ছে দুদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারি দলের দুর্নীতিবাজদের সাফাই সার্টিফিকেট দিচ্ছে দুদক।’বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন।বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘কান টানলে মাথা চলে আসে। তাই মাথা চলে আসার ভয়ে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি মামলা থেকে দুই আবুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ এ সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে মন্তব্য করে এম কে আনোয়ার বলেন, ‘প্রধান বিচারপতিও উচ্চ আদালতের দুর্নীতির কথা বলেছেন; আন্তর্জাতিক সম্প্রদায়ও বলছে উচ্চ আদালত দুর্নীতিগ্রস্ত।’স্কাইপেতে বিচারকদের কথোপকথন প্রকাশের বিষয়ে এম কে আনোয়ার প্রশ্ন করেন, ‘তা প্রকাশ করে “আমার দেশ” পত্রিকা কী অপরাধ করেছে?’ তিনি বলেন, ‘একজন বিচারক যে কারও পরামর্শ নিতে পারেন, তবে তা হতে হবে প্রকাশ্য আদালতে। গোপনে পরামর্শ নেওয়ার কোনো সুযোগ নেই। গোপনে পরামর্শ নিলে তাকে ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু বলা যাবে না।’