সাফিনার বিদায়, তৃতীয় রাউন্ডে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন তিনি। তবে চলতি আসরের শুরুতেই হতাশায় পুড়তে হলো দিনারা সাফিনাকে। গতকাল সোমবার চেক প্রজাতন্ত্রের লারা জাকোপালোভার কাছে হেরে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রাশিয়ার এই তারকা। অন্যদিকে ভেরা দুশেভিনাকে ৬-৭, ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে উঠেছেন গতকাল প্রকাশিত সর্বশেষ ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। সেরেনার বড় বোন তৃতীয় স্থানে থাকা ভেনাস উইলিয়ামস রাশিয়ার ভেরা ভনারেভাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে শেষ ১৬ তে উঠে গেছেন।মাদ্রিদ ওপেনে সুবিধা করতে পারছেন না তারকারা। রোববার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন সাবেক দুই ‘নাম্বার ওয়ান’ বেলজিয়ামের জাস্টিন হেনিন ও রাশিয়ার মারিয়া শারাপোভা। একদিন পর গতকাল বিদায় নিলেন রাশিয়ার আরেক তারকা দিনারা সাফিনা। ফ্রাঞ্চ ওপেনের আগে সাফিনা একটা বড় ধরনের ধাক্কা খেলেন বলা চলে। এ দিনই র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে চলে এসেছেন এই রাশিয়ান।এদিকে জয় পেয়েও নিজের সেরা খেলাটা খেলতে না পারায় দুঃখ কাটছে না সেরেনার। ইনজুরির কারণে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে রোম মাস্টার্সে ফাইনাল পর্যন্ত খেলেছেন। গতকাল মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পর রয়টার্সকে সেরেনা বলেন, ‘আমার মতো করে খেলার জন্য যথাসাধ্য চেষ্টা করছি আমি। আমার আরও শক্তি প্রয়োজন। এটা নিশ্চিত, আমি সেরা খেলা খেলতে পারছি না।’