সাফের ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশল?বড় কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলকে নিজেদের প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে কিছু বলতে হয়। সাফ ফুটবল শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে যখন প্রতিটি দলের কোচ ও অধিনায়ক নিজেদের প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গে বললেন, সেখানে উল্টো স্রোতে নৌকা ভাসালেন বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি। সঞ্চালক নিকোলা নাম উচ্চারণ করতেই ইলিয়েভস্কি বলে উঠলেন, ‘না, না...আমি এখন কিছুই বলব না। ম্যাচের আগে নিজের দলের কৌশল প্রতিপক্ষকে বলতে চাই না। যা বলব, ম্যাচের পরে বলব।’ ইংরেজি বলার দুর্বলতা কৌশলে এড়িয়ে গেলেন মেসিডোনিয়ান কোচ? এমনটাই ভাবা শুরু করে দিয়েছেন উপস্থিত অনেক সাংবাদিক।অব্যবস্থাপনাবাংলাদেশ-পাকিস্তান উদ্বোধনী ম্যাচ শুরু হতে তখনো এক ঘণ্টা বাকি। জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অপেক্ষায় একদল দেশি-বিদেশি সাংবাদিক। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড পরীক্ষা করে তবেই ঢুকতে দিচ্ছেন সবাইকে। কিন্তু দু-একজন ছাড়া আর কোনো সাংবাদিকই ঢুকতে পারছেন না। ঢুকবেন কী করে? অ্যাক্রিডিটেশন কার্ডই যে হয়নি! মিডিয়া গেটে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা প্রতিটি সাংবাদিকের নামের আদ্যক্ষর সংবলিত কার্ডের প্যাকেট তন্ন তন্ন করে খুঁজেও কোনো কার্ড বের করতে পারলেন না। শেষ পর্যন্ত ভিভিআইপি হসপিটালিটি বক্সের কার্ড সরবরাহ করে তবেই ঢুকতে পারলেন টুর্নামেন্ট কাভার করতে আসা সাংবাদিকেরা। মজার ব্যাপার, বাংলাদেশ থেকে যাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক সফরটাই শেষ করলেন ওই কার্ড দিয়ে। আয়োজকদের কাছে বারবার তাগাদা দিয়েও পাওয়া যায়নি কার্ড। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নিয়ে যখন কেউ অভিযোগ করেন, খুব মনোযোগ সহকারে তা শোনেন তাঁরা। কিন্তু ওই শোনা পর্যন্তই, কাজের কাজ কিছুই করেন না। সহোদরদের মালদ্বীপগত সাফ ফুটবলের চেয়ে এবারের মালদ্বীপ অনেক শক্তিশালী। কারণটা কী? খোঁজ নিয়ে জানা গেল, এই দলে খেলছেন চার জোড়া ভাই। মিডফিল্ডার আসাদ আবদুল গণির ভাই আকরাম আবদুল গণি। প্রধান গোলকিপার ইমরান মোহাম্মদের ভাই আহমেদ আতিফও গোলকিপার। তবে বড় ভাইয়ের কারণে সাইড বেঞ্চেই বেশির ভাগ সময় বসে থাকতে হয় ছোট ভাইকে। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই আতিফের। দলের আরেক সহোদর মোহাম্মদ জামিল আর আশহাদ আলী বদলি হিসেবেই বেশি খেলেন। তবে সেরা একাদশে সব সময়ই থাকেন দুই ভাই, দুই স্ট্রাইকার অধিনায়ক আলী আশফাক ও মোহাম্মদ আরিফ। বিদেশি কোচএবারের সাফ চ্যাম্পিয়নশিপের আট দলের ছয়টির কোচই বিদেশি। ছয় বিদেশির চারজনই আবার ইউরোপের। নেপালের গ্রাহাম পল রবার্টস খেলেছেন চেলসিতে, ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার ছিলেন টটেনহাম হটস্পারের অধিনায়ক। পাকিস্তানের কোচ জবিশাহ মিলোসাভলেভিচ সার্বিয়ান ও বাংলাদেশের নিকোলা ইলিয়েভস্কি মেসিডোনিয়ান। মালদ্বীপের কোচ হাঙ্গেরির, কথাবার্তায় দারুণ স্মার্ট ইস্তভান আরবানি। এশিয়ার প্রতিনিধি হিসেবে শ্রীলঙ্কার দক্ষিণ কোরিয়ান কোচ জাং জুং এবং ভুটানের হিরোয়াকি মাতসুইয়ামা। ফুটবল লড়াইটা উপমহাদেশের হলেও একটা বৈশ্বিক গন্ধ পাওয়া গেল এই বিদেশি কোচদের সৌজন্যে।এই না হলে কোচসিরিফোর্ট ক্রীড়া কমপ্লেক্স মাঠে চলছে নেপাল দলের অনুশীলন। মন্ত্রমুগ্ধের মতো কোচ রবার্টস গ্রাহাম পলের কথা শুনছেন নেপালের খেলোয়াড়েরা। দলের সবচেয়ে শক্তিশালী দিক কোনটি? প্রশ্ন করতেই উত্তর, ‘আমিই সবচেয়ে শক্তিশালী দিক।’ আলাদা কারোর প্রশংসা নয়, সবাইকেই দিলেন পুরো এক শ নম্বর। দলের সাফল্য-ব্যর্থতায় সমানে উজ্জীবিত করেন সারাক্ষণ টটেনহাম হটস্পারের সাবেক খেলোয়াড়। উল্টো বাংলাদেশ শিবিরে কোচ মানেই যেন আতঙ্ক। কখন কে কোন ভুল করেন, কে কোচের কথার অমান্য করেন—খেলা ভুলে সারাক্ষণ এসব নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলেন ফুটবলারেরা। খাদের কিনারায় দাঁড়ানো বাংলাদেশ যখন বাঁচা-মরার লড়াইয়ে নামতে প্রস্তুত মালদ্বীপের বিপক্ষে, কোচের একটাই বক্তব্য, ‘পাকিস্তান জিতবে।’ নেপালের কাছে পাকিস্তান হারলে যে জিততে হবে বাংলাদেশকে—সমীকরণটা মাথায় ছিল বলেই হয়তো হারের আগে এভাবে হেরে যাওয়া! কোথায় রবার্টস, কোথায় ইলিয়েভস্কি!