সাব রেজিস্ট্রার পরীক্ষার হবে কি না, সিদ্ধান্ত কাল
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদপ্তরের সাব রেজিস্ট্রার পদের বাছাই পরীক্ষার (অবজেকটিভ টেস্ট) ব্যাপারে কাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এ ব্যাপারে পিএসসির পরিচালক মাহমুদা মিনু প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ আমাদের অফিসের সময়-সূচি শেষ হওয়ার পর হরতালের ডাক দেওয়া হয়েছে। তাই এ বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আগামী শুক্রবার সাব রেজিস্ট্রার পদে যে পরীক্ষা হবে, এমন কয়েকটি সেন্টার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ব্যস্ত থাকবে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কাল বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিপিএসসি। এর পরই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’এদিকে বিএনপির ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কারণে কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কালকের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন ১৮ মে, শুক্রবার।