সাব-রেজিস্ট্রারকে তওবা পড়ালেন সেই মেয়র! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীর পৌর মেয়র আহম্মদ আলী এত দিন অবাধ্য হওয়ার অপরাধে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে মারধর করেছেন। এবার তিনি শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তাকে জোর করে ধরে এনে তাঁকে জনসম্মুখে ‘তওবা পড়তে ও ক্ষমা প্রার্থনাসহ’ বিভিন্ন অঙ্গীকার করতে বাধ্য করলেন। এই কর্মকর্তার নাম আবদুর রশিদ মণ্ডল। তিনি গাংনীসহ মেহেরপুর ভূমি রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের সামনের চত্বরে এ ঘটনা ঘটে।মেয়র প্রথমে গাংনী ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের সামনের চত্বরে সমাবেশ করেন। সভায় তিনি গাংনী ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রারকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘এ জন্য সাব-রেজিস্ট্রারের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’ এরপর মেয়র সাব-রেজিস্ট্রার আবদুর রশিদ মণ্ডলকে তাঁর কার্যালয় থেকে জোর করে বাইরে ধরে নিয়ে যান। সাব-রেজিস্ট্রার বাইরে গেলে মেয়র প্রথমে মাইকে বলেন, ‘এই দেখেন সাব-রেজিস্ট্রার, যে এত দিন ঘুষ নিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে।’ এ সময় তিনি সাব-রেজিস্ট্রারকে তাঁর ঘুষ গ্রহণ ও দুর্নীতির জন্য তওবা পড়তে বলেন। মেয়রের হুমকিতে সাব-রেজিস্ট্রার তওবা পড়েন। পরে মেয়র ‘বলেন, ঘুষ খাব না, দুর্নীতি করব না, জমি রেজিস্ট্রিতে বেশি পয়সা নিব না, আমাকে আপনারা মাফ করে দেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি’—এ কথাগুলো বলতে বলেন। সাব-রেজিস্ট্রার মেয়রের নির্দেশমতো কথাগুলো বলতে ইতস্তত বোধ করেলে মেয়র ধমক দেন। এতে মেয়রের ভয়ে সাব-রেজিস্ট্রার কথাগুলো বলে অঙ্গীকার করতে বাধ্য হন। এর আগে মেয়র গত জুনে এই সাব-রেজিস্ট্রারকে বোমা মেরে হত্যার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন। সাব-রেজিস্ট্রার মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ করে নিরাপত্তা চান। এতে মেয়র রাস্তায় তাঁর চুল কেটে মাথায় ঘোল ঢালার হুমকি দেন। তখন সাব-রেজিস্ট্রার মেয়রের ভয়ে থানা থেকে অভিযোগ তুলে নিতে বাধ্য হন।এ ব্যাপারে মেয়র আহম্মদ আলীকে প্রশ্ন করা হয়, ‘আপনি প্রথম শ্রেণীর একজন সরকারি গেজেটেড কর্মকর্তাকে এভাবে মাফ চাওয়াতে পারেন কি না?’ উত্তরে মেয়র বলেন, ‘আমি জনপ্রতিনিধি। সে হিসেবে অনেক কিছুই পারি। এ দেশে অপরাধ করে সবাই পার পেয়ে যাচ্ছে। তাই জনগণের স্বার্থে একজন ঘুষখোর কর্মকর্তাকে শাস্তিস্বরূপ জনসম্মুখে এভাবে তওবা পড়ানোসহ মাফ চাওয়াতে বাধ্য করিয়েছি।’ এটা দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ বলে মেয়র দাবি করেন।সাব-রেজিস্ট্রার আবদুর রশিদ মণ্ডল বলেন, ‘মেয়রের কথামতো তওবা না করলে ও মাফ না চাইলে তিনি জনসম্মুখে মারতেন। তাই ভয়ে কথাগুলি বলতে বাধ্য হয়েছি। চাকরি জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি।’ কথাগুলি বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।প্রসঙ্গত, গাংনীর পৌর মেয়র এর আগে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাথায় ঘোল ঢেলে চুল কেটে মেহেরপুর ছাড়া করবেন বলে প্রকাশ্য হুমকি দেন। তিনি এসপি অফিস ঘেরাও কর্মসূচি দেন। সে সময় আগের এসপি শাহরিয়ার হোসেন ও ওসি বিমল কৃষ্ণ মল্লিক মেহেরপুর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। গত দুই বছরে এই মেয়র অধ্যক্ষ, চিকিত্সক, প্রকৌশলী, পুলিশ, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী প্রতিনিধিসহ প্রায় ৫০ জনকে মারধর করেছেন। এ নিয়ে প্রথম আলোতে ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে একাধিকবার প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু থেমে নেই গাংনী মেয়র আহম্মদ আলীর হাতে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনা।