সাবিত্রীর সঙ্গে কিছুক্ষণ
হ্যাঁ, এইমাত্র যিনি হোটেল আর্নেটের রেস্তোরাঁয় এসে ঢুকলেন, তিনিই সাবিত্রী চট্টোপাধ্যায়। বেশ বড় একটি গোলটেবিলের এপাশটায় আমরা বসেছি। তাঁর মুখোমুখি হব বলে সামনের চেয়ারটা খালি। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নায়িকা সাবিত্রী আমাদের সামনে! এ বছরই তাঁর অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ হলো!অন্তর্জালের দুনিয়ায় কত খবরই তো ছড়ানো আছে। সেগুলোর ওপর নির্ভর করে আর তাঁর অভিনীত ছবিগুলোর ওপর ভরসা করেই আমরা কথা বলতে শুরু করি। কিন্তু শুরুতেই ধাক্কা! অন্তর্জাল ফেল!‘আপনার সম্পর্কে অনেক কিছুই জানি’—মার্কা শব্দাবলি সাজিয়ে যেই না বলেছি, আপনি তো জন্মেছেন আমাদের কুমিল্লার কামালপুরে। সঙ্গে সঙ্গে প্রবলভাবে দুদিকে মাথা নাড়লেন তিনি। ‘কুমিল্লায় জন্মেছি। কিন্তু ঢাকার কমলাপুরে কেটেছে আমার শৈশব। যেটুকু স্মৃতি আছে ঢাকার, সে ওই কমলাপুরেরই।’অন্তর্জাল কি বিভ্রান্তই না করে আমাদের! ওয়েবে যতগুলো সাইটে যাওয়া হয়েছে, সবখানেই তাঁর জন্মস্থান লেখা হয়েছে কুমিল্লার কামালপুর!এবার আর নিজেদের জানা-বোঝার ওপর বিষয়টি ছেড়ে না দিয়ে আমরা তাঁর সংগ্রামের কথা জানতে চাই। ‘বাবা ছিলেন রেলের স্টেশনমাস্টার। আমরা ১০ বোন। ভাই নেই। সাতচল্লিশের দেশ বিভাগের পর আমাদের দুই বোনকে বাবা কলকাতায় পাঠিয়ে দেন। উঠেছিলাম দিদির বাড়ি। কলকাতার টালিগঞ্জে।’ বাবা শশধর চট্টোপাধ্যায় ঠিকমতো টাকা পাঠাতে পারতেন না। তাই খুব কষ্টে কাটছিল ১০ বছর বয়সী ছোট্ট মেয়েটার জীবন। স্কুলে ভর্তি হয়েছিলেন ক্লাস থ্রিতে। আধপেটা খেয়েই কাটিয়ে দিতে হতো দিন। কখনো কখনো ভালো খাওয়ার লোভে আত্মীয়দের বাড়ি চলে যেতেন রাতে। কিন্তু কিছুদিনের মধ্যেই আত্মীয়রা ফন্দিটা টের পেল। তখন সেখান থেকেও আধপেটা খেয়ে ফিরতে হতো।অভিনয়ের শুরুর কথা জানতে চাইলেই বললেন ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম। লতায়-পাতায় ভানু তাঁদের আত্মীয় হতেন। তিনিই বললেন, অভিনয় করবে নাকি? নাটকের দলের নাম উত্তর সারথী। নতুন ইহুদি নামের একটা নাটক। সাবিত্রী যেদিন নাটকে অভিনয় করার কথা পাকা করতে গেলেন, সেদিন তাঁর পায়ে জুতা-স্যান্ডেল কিছুই ছিল না। যেদিন যার জুতো পেতেন, সেদিন তারটাই পরতেন। আর স্কুলের ‘কেডস’টা তো যেখানে-সেখানে পড়ে নষ্ট হতে দেওয়া যায় না! অবস্থা দেখে ভানু বন্দ্যোপাধ্যায়ই এক জোড়া জুতো কিনে দিয়েছিলেন তাঁকে।নাটক করতে করতেই চলচ্চিত্রে অভিনয়ের ডাক এল। পাশের বাড়ি ছবির জন্য যখন তাঁর সঙ্গে আলোচনা হচ্ছিল, তখন তাঁর ‘বাঙাল’ উচ্চারণের কারণে তাঁকে বাদ দেওয়া হয়। কিন্তু আর কোনো অভিনেত্রীকে না পেয়ে আবার ফিরে আসতে হয় সাবিত্রীর কাছে। ২০০ টাকা মাস মাইনের শিল্পী তখন তিনি। কিন্তু পাশের বাড়ির শুটিংও বন্ধ ছিল কিছুকাল। সে সময় জীবনটা কেটেছে খুব কষ্টে। ছবিটি মুক্তি পাওয়ার পর সাবিত্রীর অভিনয় দেখে মুগ্ধ হন অনেকেই। ফলে আর থেমে থাকতে হয়নি।প্রসঙ্গ পাল্টাই। আচ্ছা, উত্তম কুমার, সৌমিত্রের সঙ্গে তো চলচ্চিত্র ছাড়াও মঞ্চেও আপনি অভিনয় করেছেন। এঁরা দুজনেই আপনার অভিনয় প্রতিভার প্রশংসা করেছেন। বলেছেন, আপনার বিপরীতে অভিনয় করতে ভয় হতো তাঁদের...হাসেন সাবিত্রী। ‘এটা তাঁদের বিনয়। এঁরা দুজনেই বিশাল মাপের অভিনেতা, তাঁদের সঙ্গে কি আমার তুলনা চলে?’সাবিত্রীর বিনয়ে আমরাও মুগ্ধ হই। আমাদের চোখে ভেসে ওঠে গলি থেকে রাজপথ, অবাক পৃথিবী, অনুপমা, দুই ভাই, ধন্যি মেয়ে, মাল্যদান, নিশিপদ্ম ছবিগুলোর দৃশ্য। কিংবা হালের হ্যামলক সোসাইটির ঝুলন গুপ্তও আমাদের চোখ এড়ায় না। এখনো অভিনয় করে চলেছেন সাবিত্রী। টিভি সিরিয়ালে করছেন, চলচ্চিত্রেও করছেন। ৭৫ বছর বয়সেও অভিনয়ের নেশা কাটেনি তাঁর। অবসরে এখনো সেরা সঙ্গী বই। উপন্যাসেই বেশি আনন্দ পান।অভিনয়টা কি সহজাত, নাকি কোথাও এ বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে?‘একেবারেই সহজাত। দেখে দেখে শেখা। কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কাজের মেয়েদের খেয়াল করেছি। একবার এক মঞ্চনাটকে মূক চরিত্রে অভিনয় করেছিলাম। বাবা বলেছিলেন, ‘তুই কি বধিরদের স্কুলে গিয়ে এই অভিনয় শিখেছিস?’বলতে বলতে হাসতে থাকেন সাবিত্রী।কমলাপুরের কথা কি মনে পড়ে?‘মনে আছে বিশাল বাড়ি ছিল আমাদের। ওই স্টেশনের কাছে। একবার ইচ্ছা আছে ওদিকটায় যাব। কিন্তু যেতে কি পারব?’যাওয়াটা একটু কঠিনই। কারণ, তিনি এবং যশস্বী অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় ঢাকায় এসেছেন বহ্নিশিখার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। গত শুক্র ও শনিবারে হয়ে গেল সেই অনুষ্ঠান। ভারতে ফেরার আগে একবারের মতো কমলাপুরে যেতে পারবেন কি না, গত রোববার আমাদের সঙ্গে কথা বলার সময় সে সংশয় কাটেনি তাঁর।