সাবেক উপমন্ত্রী পিন্টুরা তিন ভাই জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন জড়িত—এমন তথ্য তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তদন্তে বেরিয়ে এসেছিল। সর্বশেষ অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে সাবেক উপমন্ত্রী পিন্টুর আরেক ভাইয়ের নাম। তিনি রাতুল বাবু। গ্রেনেড হামলার কিছু দিন পর মাওলানা তাজউদ্দিন রাতুল বাবুকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেন। ২০০৮ সালে সিআইডির দেওয়া অভিযোগপত্রে পিন্টুর বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক সহায়তা এবং তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে আর্জেস গ্রেনেড সরবরাহের তথ্য পায় সিআইডি। ওই গ্রেনেড হামলায় জঙ্গিদের সঙ্গে মাঠ পর্যায়ে জড়িত ছিলেন—এমন চারজনের পরিচয় না পাওয়ায় তাঁদের তখন আসামি করা হয়নি। তবে অভিযোগপত্রে চারজনের নাম উল্লেখ করা হয়। তাঁদের একজন হলেন বাবু। পরে অধিকতর তদন্তে বেরিয়ে আসে ওই বাবু হলেন সাবেক উপমন্ত্রী পিন্টুর ছোট ভাই রাতুল বাবু। সিআইডি সূত্র জানায়, জঙ্গি আরিফ হাসানকে জিজ্ঞাসাবাদ করে রাতুল বাবু সম্পর্কে প্রথম তথ্য পান তাঁরা। পরে আরও তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে রাতুল বাবু সম্পর্কে পর্যাপ্ত তথ্য-সাক্ষ্য পাওয়ায় তাঁকে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।বাদ পড়েছেন পাঁচজন: গ্রেনেড হামলায় অংশগ্রহণকারী মুফতি আহসান উল্লাহ ওরফে কাজল ও মাসুদ মারা যাওয়ায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি। এ ছাড়া ওই ঘটনায় জড়িত হিসেবে শুভ ওরফে তৌফিক (নারায়ণগঞ্জ), ফেরদৌস (ঢাকার মিরপুরের) ও ওমর ফারুকের নামও এসেছে। কিন্তু তদন্তে তাঁদের পুরো পরিচয় বের করতে পারেনি সিআইডি। তাই অভিযোগপত্রে এ তিনজনকেও আসামি করা হয়নি।