সাবেক এক এমপিকে জামিন দিলেন কুয়েতের আদালত
কুয়েতের এক আপিল আদালত আজ সোমবার দেশটিতে চলমান রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে পরিণত হওয়া এক বিরোধীদলীয় নেতাকে জামিন দিয়েছেন। তবে আপিলের মামলার রায় কবে দেওয়া হবে, তা এখনো জানানো হয়নি।কুয়েতের আমিরের প্রতি অবমাননাসূচক মন্তব্য করার জেরে সরকারবিরোধী নেতা মুসাল্লাম আল-বারাককে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা হয়নি।আজ সোমবার বিবিসি জানায়, জামিন পাওয়ার পর মুসাল্লাম আল-বারাককে তাঁর দলের নেতা-কর্মীরা কাঁধে করে আদালতের বাইরে নিয়ে আসেন। বারাককে কারাদণ্ড দেওয়ার পর তাঁর সমর্থকেরা রাজপথে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেও এ প্রসঙ্গে বারাক কোনো মন্তব্য করতে রাজি হননি। কুয়েতে রাজপরিবারের সদস্যদের সমালোচনা কিংবা তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের অসম্মানজনক উক্তি করলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিয়ে বিশ্বে নানা ধরনের সমালোচনা হয়ে থাকে। বিবিসি জানায়, আপিল আদালত বারাকের এই শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছেন। গত বছরের অক্টোবরে বারাককে প্রথমবারের মতো ‘আমিরের সম্মানহানির’ অভিযোগে আটক করা হয়েছিল। ওই নেতা একটি বক্তৃতায় কুয়েতের আমির সাবাহ আল-সাবাহকে সাবধান করে বলেছিলেন, তিনি (আমির) কোনোভাবেই ‘কুয়েতকে স্বৈরাচারের নরক’ বানাতে পারেন না। কুয়েতের পার্লামেন্টের বাইরে বিরোধীদের এক সমাবেশে এই মন্তব্য করেন মুসাল্লাম আল-বারাক। তিনি বলেন, ‘মাননীয় আমির, কুয়েতকে স্বৈরাচারী নরকে পরিণত করার ক্ষেত্রে আমরা আপনাকে সমর্থন করব না। আমরা এখন আর জেলহাজতকে কিংবা আপনার দাঙ্গা বাহিনীকে ভয় পাই না।’ বিবিসি আরও জানায়, অন্য আরব দেশগুলোতে গণতন্ত্রের দাবিতে যে ধরনের আন্দোলন-বিক্ষোভ চলেছে, কুয়েতে সে ধরনের কোনো তত্পরতা দেখা যায়নি। কিন্তু সম্প্রতি সাবাহ পরিবারের কর্তৃত্বাধীন সরকারের সঙ্গে বিরোধীদলীয় এমপিদের নানা কারণে বিরোধ দেখা দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আমির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অপরাধে বিরোধী পাঁচ কর্মীকে অভিযুক্ত করার পর আবার ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু একই অপরাধে বারাকসহ সাবেক তিন এমপিকে অপরাধী সাব্যস্ত করা হয়। তাঁদের মধ্যে রাশিদ আল-এনঝি নামের অপর অভিযুক্ত ব্যক্তিকে অন্য একটি মামলায় গত জানুয়ারিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।