সাবেক এমডিসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
অবৈধ ভিওআইপির মাধ্যমে ২০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খানসহ ১৪ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রমনা থানায় দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান এবং তিনজন উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সা’দাত্, মুজিবুর রহমান ও মো. নাজিম উদ্দিন বাদী হয়ে মামলাগুলো করেন।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন: বিটিসিএলের বর্তমান সদস্য (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) মোহাম্মদ তৌফিক, বর্তমান পরিচালক মাহবুবুর রহমান, টেলিটকের মহাব্যবস্থাপক (জিএম) ও বিটিসিএলের আন্তর্জাতিক শাখার সাবেক পরিচালক মাহফুজার রহমান, বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান। বাকি নয়জন আসামি হলেন: পাঁচটি প্রাইভেট ক্যারিয়ার (যাঁরা অবৈধ ভিওআইপি ব্যবসা করেন) ডিজিটেক, এরিস্টোকোল, সুপ্রিমটেল, এনটিএস এবং সিম্পল টেলিকম লিমিটেডের স্বত্বাধিকারী। এস এম সাহিদুর রহমান জানান, এ বছরের মে মাস থেকে অবৈধ ভিওআইপির বিরুদ্ধে তদন্ত করে আসছিল দুদক। একপর্যায়ে পাঁচটি প্রাইভেট ক্যারিয়ারকে চিহ্নিত করা হয়। এদের সঙ্গে ওই কর্মকর্তাদের যোগসাজশ ছিল। অবৈধ ভিওআইপির মাধ্যমে কত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। রেকর্ডকৃত নথিপত্রের মাধ্যমে ২০৫ কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।মামলা গ্রহণকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) আশফাক রাজীব হাসান জানান, এসব মামলার তদন্ত দুদক করবে। তদন্ত সংস্থাই নির্ধারণ করবে কাউকে গ্রেপ্তার করা হবে কি না।