কলেজছাত্র মোমিন হত্যা মামলার রায়
সাবেক ওসি রফিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন
রাজধানীর কাফরুলে কলেজছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিনকে ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যার দায়ে মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রফিকুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার অপর ছয় আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম গতকাল বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। আদালত একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছয় আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন তারেক ওরফে জিয়া ও সাখাওয়াত হোসেন ওরফে জুয়েল। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছয়জন হলেন শীর্ষস্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে তাজ, ঠোঁট উঁচা বাবু, মো. জাফর, শরীফ উদ্দিন, মনির হাওলাদার ও হাসিবুল হক ওরফে জনি।রায় ঘোষণার জন্য রফিক, তাজ ও বাবুকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় তাঁরা ছিলেন চুপচাপ। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।নিহত মোমিনের চার ভাই ও তিন বোন আদালতে উপস্থিত ছিলেন। রায়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। রফিক ও তাজের স্ত্রীও আদালতে উপস্থিত ছিলেন।বিচারক বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায় ঘোষণার সময় বলা হয়, এই হত্যাকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু প্রমাণ করার সুযোগ নেই। মোমিন মৃত্যুর আগে বলে গেছেন, আসামি তারেক ও জুয়েল তাঁকে তিনটি গুলি করেছে। ওসি রফিক তাঁকে বাঁচতে দিল না। একজন মৃত্যুপথযাত্রী কখনো মিথ্যা বলতে পারে না। এ ছাড়া জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানোর অভিযোগে এই হত্যাকাণ্ডের তিন দিন আগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।বিচারক বলেন, ওই সাধারণ ডায়েরির তদন্ত হলে এ ঘটনা না-ও ঘটতে পারত। এমনকি ঘটনার দিনও সাধারণ ডায়েরি করেছে নিহতের পরিবার। তাই বলা যায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, কাক কাকের মাংস খায় না। পুলিশের ক্ষেত্রে তাই ঘটেছে। এই মামলা তদন্তে পুলিশ ওসি রফিককে বাঁচাতে যারপরনাই চেষ্টা করেছে। সিআইডি তদন্ত করেও ওসি রফিককে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে। কিন্তু বাদীপক্ষের নারাজির কারণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত। ওই তদন্ত শেষে ওসি রফিকসহ নয়জনের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়।রফিক সম্পর্কে বিচারক বলেন, একজন পুলিশ কর্মকর্তা হয়ে তিনি পথের কাঁটা সরাতে সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছেন। পেশাদার সন্ত্রাসীদের টাকা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করিয়েছেন, যা কখনো ক্ষমার যোগ্য নয়।এজাহারভুক্ত আসামি তাজ সম্পর্কে বিচারক বলেন, ‘আসামি তাজকে আমি দেখেছি, পুলিশ সদস্যরা জামাইবাবুর সাজে সাজিয়ে তাঁকে আদালতে হাজির করেছেন। তাঁকে আদর-আপ্যায়ন করেছেন। এঁরা বেহায়া, নির্লজ্জ। পত্রিকায় জেনেছি, এই তাজ দুর্ধর্ষ শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তাজ সব সময় সাদা পাজামা-পাঞ্জাবি পরে জামাইবাবু সেজে আসতেন, কাঠগড়ায় না দাঁড়িয়ে বেঞ্চে বসতেন, বাদাম খেতেন। পুলিশের সামনেই তিনি এই কাজগুলো করেছে। তাঁদের গুলি করে মারা উচিত। তবে আদালত ভাবাবেগে নয়, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই সাজা বা খালাসের সিদ্ধান্ত নেবেন।’রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী হাজির করেন। সাক্ষ্য-প্রমাণে আসামি রফিক, তারেক ও জুয়েলকে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।রায়ে উল্লেখ করা হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের বিধানমতে, ৩০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। কারাগারে আটক আসামিদের সাজার মেয়াদ থেকে হাজতবাসের সময় বাদ যাবে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কাফরুল থানার ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা প্রয়াত আবদুর রাজ্জাক বাদী হয়ে মতিঝিল থানার তৎকালীন ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১৬ অক্টোবর রফিক আদালতে আত্মসমর্পণ করেন। এজাহারভুক্ত আসামি তাজকে ভারত থেকে ফিরিয়ে আনার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি প্রথমে তদন্ত করে কাফরুল থানার পুলিশ। পরে সিআইডি ও ডিবি পুলিশও পৃথকভাবে তদন্ত করে। ২০০৮ সালের ১১ নভেম্বর বিচার বিভাগীয় তদন্ত শেষে ওসি রফিকসহ নয়জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরের বছর ৫ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।মামলার এজাহারভুক্ত আসামি হাজি শাহ আলম, জাভেদ ইকবাল মিন্টু ও তুহিন ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।রায় শোনার পর মোমিনের ভাই সামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছয় বছর পর হলেও তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। তাঁদের বাবা ছেলে হত্যার বিচার দেখে যেতে পারলেন না। তিনি দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত সাজা কার্যকর করার অনুরোধ জানান।মোমিনের বাবা ২০০৮ সালের ১২ ডিসেম্বর মারা যান।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম ও মাহবুবুর রহমান। তাঁদের সহায়তা করেন সৈয়দ মিজানুর রহমান ও হাবিবুর রহমান।আসামিপক্ষে ছিলেন মাহবুব আহমেদ ও সাইদুর রহমান, পলাতক আসামিদের পক্ষে ছিলেন মো. বাবলু। পরে আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।