সাবেক ছাত্রলীগ নেতার খামার থেকে অস্ত্র উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহান শাহ শাহনেওয়াজের গরুর খামারে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, সাতটি গুলি ও দুটি রাম দা। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ থেকে আসা র্যাব-১১ এর একটি দল এই অভিযান চালায়। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের পূর্ব পাশে শাহান শাহের একটি গরুর খামার রয়েছে। এই খামার থেকে তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে খবর পায় র্যাব। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে র্যাবের ক্যাম্প কমান্ডার মেজর গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি দল আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই খামারে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এ সময় শাহান শাহ খামারে ছিলেন না।র্যাবের অভিযানকারী দলের সদস্য উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে শাহান শাহ শাহনেওয়াজকে আসামি করে অস্ত্র আইনে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা করেছেন। শাহান শাহ শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, র্যাব উদ্ধার করা পিস্তল, গুলি ও রাম দা থানা হেফাজতে রেখে গেছে।