সাবেক টেলিযোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মোবাইল ফোনসেট-নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক চারদলীয় জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার রাতে দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।দুদকের কমিশনার মো. বদিউজ্জামান প্রথম আলো ডটকমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সিমেন্সের পক্ষ থেকে আমিনুলকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। ওই রায়ের পর দুদক এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করেছে।মামলায় আরও বলা হয়েছে, ২০০১ সালের ২৭ মার্চ থেকে ২০০৬ সালের আগস্ট পর্যন্ত বিটিটিবি (বর্তমান বিটিসিএল) ডিজিটাল সেলুলার মোবাইল ও মোবাইল নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে। ওই সময় দরপত্র মূল্যায়ন কমিটির ওপর প্রভাব খাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিমেন্স বাংলাদেশকে কার্যাদেশ প্রদান করেন আমিনুল হক। ২০০৯ সালে ১১ মে যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে সিমেন্সের কাছ থেকে ঘুষ গ্রহণ ও জঙ্গি কার্যক্রমে অর্থায়ন-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে বলা হয়, আমিনুল হক সিমেন্সের কাছ ১৭ লাখ আট হাজার ১৪৫ মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন।