সাবেক তিন আইজি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি পুলিশের সাবেক তিন মহাপরিদর্শককে (আইজিপি) আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বকস চৌধুরী। এর আগে আজ সকালে এ সাবেক তিন পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।সাবেক তিন পুলিশ কর্মকর্তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে কারাগারে তাঁদেরকে প্রাপ্ত ডিভিশন দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। এ তিন আসামির পক্ষে আদালতে জামিনের শুনানি করেন রফিক-উল হক ও আমিনুল গণি। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ছিলেন সৈয়দ রেজাউর রহমান, আবদুুল্লাহ আবু, মোকলেসুর রহমান ও আবদুর রহমান।প্রসঙ্গত, এ মামলায় গতকাল সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে নতুন আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ ব্যক্তিকে। এঁদের মধ্যে সাবেক তিন আইজিপি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বকস চৌধুরীর নামও আছেন।আদালতে আসামিদের মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকসহ ১৮ জনের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তদন্তকারী সংস্থা সিআইডি গতকাল রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২১ আগস্টের ঘটনায় দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। সম্পূরক অভিযোগপত্রে আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও একান্ত সচিব সাইফুল ইসলাম ওরফে ডিউক এবং বিএনপির নেতা ও ঢাকার ওয়ার্ড কমিশনার মো. আরিফুল ইসলাম।এ ছাড়া জোট সরকারের সময়ের শীর্ষ পর্যায়ের চারজন গোয়েন্দা কর্মকর্তা ও আট পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে ১০ জন জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও একজন পরিবহন মালিক।নতুন ৩০ আসামিসহ এ মামলায় মোট আসামির সংখ্যা হলো ৫২। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি। এতে বিএনপির উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৩ আগস্ট ২১ আগস্ট মামলার অধিকতর তদন্তের আদেশ দেন আদালত। প্রায় দুই বছর অধিকতর তদন্ত শেষে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ গতকাল আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় কয়েক শ লোক।