২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত হত্যা মামলায় সাবেক তিন আইজিপিসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালত আজ সোমবার এ জামিন মঞ্জুর করেন।জামিনের জন্য আদালতে সাত আসামি আবেদন করেন। এর মধ্যে সাবেক তিন আইজিপি ও তিন তদন্ত কর্মকর্তার জামিন মঞ্জুর এবং জঙ্গি নেতা মাওলানা আবু তাহেরের আবেদন নাকচ করে দেন আদালত।১০ জন আসামির পক্ষে মামলার বাদীকে আজ জেরা করা হয়েছে। জেরা শেষ না হওয়ায় আদালত ১৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন।গত ২৮ মার্চ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওই দিন সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক তিন আইজিপিসহ কারাগারে আটক ১৪ আসামির পক্ষে আগের অভিযোগপত্রভুক্ত ৬১ জন সাক্ষীকে জেরা করার (রিকল) জন্য আবেদন করা হয়। আদালত বাদীকে সাক্ষী হিসেবে পুনরায় ডাকে।