গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় পুলিশের দুই সাবেক মহাপরিদর্শক শহুদুল হক ও আশরাফুল হুদার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আবেদন নাকচ করে দেন।এ দুই আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আজ আদালতে তাঁদের পক্ষে আইনজীবী টি এম আকবর জামিনের আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি রেজাউর রহমান ও শাহ আলম তালুকদার জামিন আবেদনের বিরোধিতা করেন।গত ৩ জুলাই গ্রেনেড হামলার হত্যা ও বিষ্ফোরকের পৃথক দুই মামলায় সিআইডি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন এবং সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫২। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক রয়েছেন। গত ১৪ জুলাই সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।