২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে দ্বিতীয় দফায় আরও চার দিন করে রিমান্ডে নিয়েছে সিআইডি। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ঢাকার মহানগর হাকিম ইরফান হাসান খান এই রিমান্ড মঞ্জুর করেন।এর আগে প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে গতকাল রেজ্জাকুল হায়দার ও রহিমকে আদালতে হাজির করে সিআইডি আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, জঙ্গিনেতা মুফতি হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে এই দুজনকে রিমান্ডে নেওয়া হয়। এই দুই সাবেক গোয়েন্দাপ্রধান ঘটনার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁরা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ষড়যন্ত্র করে গ্রেনেড হামলায় সহযোগিতা করেন এবং হামলার পর আসামিদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেন। প্রথম দফায় চার দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় রেজ্জাকুল ডিজিএফআইয়ের পরিচালক ও আবদুর রহিম এনএসআইয়ের ডিজি ছিলেন।মুফতি হান্নান প্রথমে ২০০৭ সালের ১ নভেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আদালতে স্ব্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর গত ৭ এপ্রিল মুফতি হান্নান আদালতে দ্বিতীয় দফায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।২০০৮ সালের ১১ জুন এ-সংক্রান্ত দুটি মামলায় মুফতি হান্নান, বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি।