সাবেক দুই দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক মিনিস্টার সুপ্রদীপ চাকমা ও একই দূতাবাসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আজ রোববার দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলা করেন।দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ওই দুই কর্মকর্তা দূতাবাসের সুপ্ত অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার ৪০০ মার্কিন ডলার (১২ লাখ ৩০৬ টাকা), কল্যাণ তহবিলের পাঁচ হাজার মার্কিন ডলার (তিন লাখ ১৮ হাজার ৯২৫ টাকা), নগদ তিন হাজার ৭৬৪ দশমিক ৩৯ তার্কিশ লিরাসহ (দুই লাখ পাঁচ হাজার ২৩৫ টাকা) মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭৬ টাকা আত্মসাত্ করেছেন।মামলার বিবরণে আরও বলা হয়েছে, কোনো ধরনের বিল-ভাউচার না করেই তাঁরা দুজন এই পরিমাণ টাকা আত্মসাত্ করেছেন।ওই অর্থ আত্মসাতের মামলা ছাড়াও তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক মিনিস্টার সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। মামলায় বলা হয়েছে, সুপ্রদীপ চাকমা তুরস্ক মিশন থেকে বাংলাদেশে ফেরার পথে গাড়ি আনা হয়েছে বলে মিথ্যাচার করেন। তিনি গাড়ি আনার কথা উল্লেখ করে দুই লাখ ১৯ হাজার ২০০ টাকা উত্তোলন করেছেন।২০০৫ সালে সুপ্রদীপ চাকমা তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার পদ থেকে অব্যাহতি নেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দেন।দূতাবাসের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক রমনা থানায় মামলা করেছে। রমনা থাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদ বলেছেন, মামলা দুটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।