সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রী সাজাপ্রাপ্ত আসামি নাসিমা হককে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাবিধি অনুযায়ী তাঁর চিকিত্সার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক জেমসিন আনোয়ারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত এ আদেশ দেন।আজ বুধবার দণ্ডপ্রাপ্ত আসামি নাসিমা হকের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে জামিনের আবেদন জানিয়ে আদালতকে বলেন, অসুস্থ থাকায় আসামি ইতিপূর্বে আদালতে হাজির হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর আয়কর অধ্যাদেশের ১৬৪(সি) ধারায় তাঁকে এক বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়। পৃথকভাবে ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকার জরিমানাও করা হয় তাঁকে। বর্তমানে আসামি সুস্থ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০০৭ সালে ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা পঙ্কজ লাল সরকার এ মামলা করেন। মামলায় ২০০২—০৭ করবর্ষ পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৪৮৩ টাকার ওপর সম্পদের তথ্য গোপন করে ৪৪ লাখ ৮৫ হাজার ৯৭৬ টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়।এর আগে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নাসিমা হক বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মনির হোসেন পাটোয়ারীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।১২ কোটি ৮২ লাখ ২৭ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সারের ২৯ জুলাই পৃথক দুটি ধারায় তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর দুই আসামি জিয়াউল হক জিয়া ও ছেলে মুশফিকুর রহমান হাইকোর্ট থেকে জামিনে আছেন। ২০০৭ সালের ২৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা মডেল থানায় এ মামলা করেন।