সাবেক প্রতিমন্ত্রী মিলনকে জেলগেটে জিজ্ঞাসার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের একটি আদালত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের রিমান্ড নামঞ্জুর করে তাঁকে জেলগেটে জিজ্ঞাসার অনুমতি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় উভয় পক্ষের শুনানি শেষে বিচারিক হাকিম শফিউল আজম এ অনুমতি দেন।এরই মধ্যে মিলনের বিরুদ্ধে দায়ের করা ২২টি মামলার মধ্যে ২১টি মামলায় তিনি জামিন পেয়েছেন।মিলনের আইনজীবী কাজী মোজাম্মেল হোসেন জানান, গত ৮ ফেব্রুয়ারি কচুয়া থানায় মিলনের বিরুদ্ধে উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ সর্বশেষ মামলাটি করেন। মামলায় মিলনসহ চারজনকে আসামি করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষ মিলনের ১০ দিনের রিমান্ড আবেদন জানায়।এই মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালের ২৮ জুলাই সকালে মিলনসহ অন্য আসামিরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাদী হারুনুর রশিদের ঘরে ঢুকে চাঁদা আদায়সহ ভয়-ভীতি প্রদর্শন করেন। এ ছাড়া বাদী ও তাঁর পরিবারের লোকজনকে মারধর করে হত্যার চেষ্টা চালানো হয়। এতে বাদীর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়।