সাবেক প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া থানায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন দক্ষিণ গোহাট ইউনিয়নের নওপুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মানিক হোসেন।মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১৩ অক্টোবর মিলন ও তাঁর সমর্থকেরা মানিক হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা বাদীকে মারধর করে। মামলায় মিলনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ বলেন, গতকাল রাত ১০টার দিকে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।সাবেক প্রতিমন্ত্রী মিলন বর্তমানে জামিনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া ও সদর থানা এবং আদালতে মোট ৩১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৩০টি মামলায় তিনি জামিনে রয়েছেন।