সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার দায়ে কানাডীয় আদালতে সে দেশের তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি নাইকোর দণ্ডাদেশের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান। সাবেক ওই জ্বালানি প্রতিমন্ত্রীকে একটি দামি গাড়ি ও ভ্রমণব্যয় বাবদ কিছু অর্থ ঘুষ দেওয়ার অভিযোগে কানাডার একটি আদালত নাইকো রিসোর্সেস লিমিটেডকে ৯৭ লাখ মার্কিন ডলারের বেশি জরিমানা করে। গাড়ি ও উত্তর আমেরিকা ভ্রমণের খরচ দেওয়ার কথা আদালতে স্বীকার করেছে নাইকো। তবে মোশাররফ এসব অভিযোগ অস্বীকার করেন। কানাডার ওই আদালতে বলা হয়, সিলেটের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের পর প্রতিমন্ত্রীকে ওই ঘুষ দেওয়া হয়।বিষয়টি সম্পর্কে মোশাররফ হোসেন গতকাল শনিবার বিবিসিকে বলেন, ‘হয়তোবা যেহেতু আমি মন্ত্রী ছিলাম, তাই আমার নাম দিয়ে দিয়েছে। এই চুক্তিটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। আমাদের আমলে আমরা কন্টিনিউশন করিনি এ প্রসঙ্গে।’মোশাররফ হোসেন বলেন, ‘গাড়ি আমাকে নাইকো দেয়নি। এটা নিয়ে নিউজ হয়েছিল বাংলাদেশের নিউজ পেপারে, আমি রিজাইন দিয়েছিলাম। এইটা একটা মিথ্যা নিউজ আমার বিরুদ্ধে বানানো হয়েছে। সরকারের গাড়ি না দেওয়াতে পেট্রোবাংলা করপোরেশনের গাড়ি ব্যবহার করেছি। কিন্তু এই ব্যাপারে তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই। জয়েন্টভেঞ্চার কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা গাড়ি। এ গাড়ি এখনো সম্ভবত পেট্রোবাংলাতে আছে।’ তিনি বলেন, ‘আমি মন্ত্রী থাকাকালে গভর্নমেন্ট থেকে গাড়ি দেয় নাই।...আমি করপোরেশনকে বলি একটা গাড়ি দেওয়ার জন্য। তারা নাইকো কোম্পানির একটি গাড়ি আমার বাসায় নিয়ে এসেছিল, আমি সেটি নেই নাই।...আমি সফরে গেছি সরকারি টাকায়।’দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বিবিসিকে বলেন, ‘আমাদের যে আইনানুগ প্রক্রিয়া, অনুসন্ধান করে এফআইআর করা, তদন্ত করা, চার্জশিট দেওয়া...ওইটা আমরা করব। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেব।’