প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিগত জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদের সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি। গতকাল শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন সফরকালে মন্তব্য করেন, গত নির্বাচনের আগে এইচ টি ইমাম সাবেক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সঙ্গে কক্সবাজারে বৈঠক করেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলন করে তাঁর অবস্থান তুলে ধরেন এইচ টি ইমাম।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বৈঠক দূরের কথা, ২০০৮ সালের নির্বাচনের আগের পাঁচ বছরেও তিনি কক্সবাজার যাননি। নির্বাচনের আগ মুহূর্তে সেখানে বৈঠক হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে চাপাতে গিয়ে খালেদা জিয়া কক্সবাজার চক্রান্তের আষাঢ়ে গল্প ফেঁদেছেন। বিরোধীদলীয় নেতার বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচনের আগে মইন উ আহমেদের সঙ্গে আমার বৈঠক তো দূরে থাক, কথাই হয়নি।’বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। মধ্যবর্তী নির্বাচন চাইলে তারা সংসদে এসে অনাস্থা প্রস্তাব দিক।’ বিদেশে গিয়ে বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক লিমনের ঘটনার উল্লেখ করে এইচ টি ইমাম মন্তব্য করেন, র্যাব বিলুপ্তির চক্রান্ত চলছে। এই চক্রান্তের সঙ্গে একটি জাতীয় দৈনিকের সম্পাদক জড়িত। এই বক্তব্য সরকারের বক্তব্য কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি (তারিক সিদ্দিক) সরকারের উপদেষ্টা। তাঁর বক্তব্য ওন না করার কারণ নেই। আমরা সেটা ওন করি।’আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেয়ারবাজারে ধস নামে—খালেদা জিয়ার এমন বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে আর্থিক খাতে বিএনপি ও এর সহযোগীদের একচেটিয়া প্রভাব। ১৯৯৬ সালে এবং সাম্প্রতিক সময়ে বিএনপি ও এর সহযোগীরা শেয়ারবাজারে ধস নামিয়েছে। কিন্তু সরকারের তদন্তে আওয়ামী লীগের নেতাদের নামই বেশি এসেছে, এমন পাল্টা প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘অধিকতর তদন্ত হচ্ছে। সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এইচ টি ইমাম মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের প্রথম ২৬ মাসের সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রথম ২৬ মাসের একটি তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। এতে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের এই সময়ে ১০৭টি বৈঠকে ৬৯০টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৬১৮টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯০ শতাংশ। অন্যদিকে জোট সরকার এই সময়ের মধ্যে ১০০টি বৈঠক করে ৩৭২টি সিদ্ধান্ত নেয়। ৭১ শতাংশ হারে বাস্তবায়ন করে ২৬৪টি সিদ্ধান্ত।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নূহ উল আলম লেনিন, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, মৃণাল কান্তি দাস প্রমুখ।