সাবেক প্রধান বিচারপতিকে প্রধান না রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক প্রধান বিচারপতিকে না রাখার সুপারিশ করেছেন কয়েকজন সাবেক প্রধান বিচারপতি ও সংবিধান বিশেষজ্ঞরা। তাঁরা সংবিধানে রাষ্ট্রধর্ম না রাখার পক্ষেও মত দেন। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা এ মত দেন।বিশেষ কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যরাও অংশ নেন। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠক চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। আজ সোমবার বেলা ১১টায় প্রধান বিরোধী দল বিএনপি এবং বিকেলে সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় করার কথা। কাল মঙ্গলবার এ পর্বের শেষ দিনে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করবে কমিটি।সূত্র জানায়, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার পক্ষে বেশির ভাগ বিশেষজ্ঞ একমত হলেও তাঁরা এ সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে মত দেন। যুক্তি হিসেবে তাঁরা বলেন, এতে করে বিচারব্যবস্থা বিতর্কিত হয়ে পড়ে। একাধিক বিশেষজ্ঞ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দেন।বৈঠকে ড. এম জহির বলেন, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে নির্বাচিতদের দিয়ে তা গঠন করা যেতে পারে। সে ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বকারী সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে ১০ জন সদস্য উপদেষ্টা হতে পারেন। রাষ্ট্রপতির নেতৃত্বে এ সরকার পরিচালিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের পরামর্শে নির্বাচন পরিচালনা করবেন। তাঁর এ প্রস্তাবের সঙ্গে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও আইনজীবী আমীর-উল ইসলাম একমত পোষণ করেন।আইনজীবী রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ প্রধান বিচারপতিকে রাখা হলে বিচার বিভাগ বিতর্কিত হতেই থাকবে। রাষ্ট্রের ধর্ম হিসেবে বিশেষ কোনো ধর্মকে স্বীকৃতি না দেওয়াই রাষ্ট্রের জন্য মঙ্গল।বৈঠকের পর বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় পরিবর্তন আনার ব্যাপারে আমরা একমত। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো সমাধানে আসতে পারিনি। তবে আমন্ত্রিত ব্যক্তিদের মতামতের ওপর ভিত্তি করে কমিটির সদস্যরা সমাধানের পথ খুঁজে পাবেন বলে আশা করা যায়। আমরা বলেছি, সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক নেতাদের মধ্যে যাঁরা নির্বাচন করবেন না, তাঁদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করা যেতে পারে।’সূত্র জানায়, বৈঠকে সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতিদের না রাখার সুপারিশ করেন। তিনি বলেন, এ সুযোগ থাকলে বিচারপতিদের মধ্যে যে অভিলাষ তৈরি হয়, তা বিচার বিভাগের জন্য বাঞ্ছনীয় নয়। এতে বিচার বিভাগে রাজনৈতিক রং লাগে এবং বিচারপতিরা বিব্রত হন।বৈঠকের পর সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘বাহাত্তরের মূল চেতনা নিয়ে সংবিধান সংশোধন করতে হবে। গত ৪০ বছরে সংবিধান বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। বিচার বিভাগ ও আন্দোলনের মাধ্যমে তার অনেকটা আমরা ফিরে পেয়েছি।’ তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারলে সেটি হবে সর্বোত্তম কাজ। এ ক্ষেত্রে জনগণের মতামত নেওয়ার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণেরও প্রস্তাব দেন তিনি। এ জন্য তিনি একটি সংবিধান কমিশন গঠনেরও প্রস্তাব করেন।বৈঠকে বিচারপতিদের অভিশংসন বা অপসারণ-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ বহাল রাখার পক্ষে মত দেন আইনজীবী রফিক-উল হক। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ সংশোধিত আকারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ওই ক্ষমতা রাখার পক্ষে। পরে এম জহির সাংবাদিকদের জানান, এ ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়ালই কার্যকর ও সক্রিয় করলে ভালো হয়।সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম কমিটিকে পঞ্চম সংশোধনী মামলা-সংক্রান্ত আপিল বিভাগের রায়ে তাঁর যে মতামত ছিল, তা অনুসরণ করার পরামর্শ দেন। প্রসঙ্গত, তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চ পঞ্চম সংশোধনী মামলা-সংক্রান্ত রায় দেন।বৈঠকে সাংসদদের সংসদে ভোটাধিকারসহ সংবিধানের আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে বৈঠকে আরও অংশ নেন সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, আইনজীবী তৌফিক নেওয়াজ ও ফজলে নূর তাপস।