সাবেক প্রেসিডেন্ট খাতামিকে বিদেশ যেতে দিল না ইরান
ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিকে বিদেশ যেতে দেওয়া হলো না। জাপানের হিরোশিমাতে একটি পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক সম্মেলনে তাঁর অংশগ্রহণের কথা ছিল। খাতামির সহযোগীরা বিবিসি অনলাইনকে জানিয়েছেন, সরকারের তরফ থেকে বাধা পেয়েই তিনি জাপান সফরে যেতে পারেননি।গত বছরের জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ খাতামি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রতিদ্বন্দ্বী মীর হোসেন মৌসাভিকে সমর্থন জানিয়েছিলেন। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে খাতামি ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। সরকারি হিসাব অনুযায়ী নির্বাচনোত্তর বিক্ষোভ ও সহিংসতায় ইরানে ৮০ ব্যক্তি নিহত হয়। জুনের ওই বিতর্কিত নির্বাচনের পর থেকেই সরকারের তরফ থেকে রাজনৈতিক চাপের মুখে আছেন দেশটির এই সাবেক প্রেসিডেন্ট।খাতামি ইরানের একজন সংস্কারপন্থী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট থাকাকালে তিনি দেশটিকে ধর্মীয় রক্ষণশীলতা থেকে কিছুটা হলেও অবমুক্ত করতে সক্ষম হয়েছিলেন।বিবিসি অনলাইন জানিয়েছে, জুনের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই সরকারবিরোধী রাজনৈতিক নেতারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। যখনই তাঁরা কোনো সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেন তখনই সরকারের মদদপুষ্ট বাসিজ মিলিশিয়ারা সেগুলো পণ্ড করে দেয়। উল্লেখ্য, ইতিমধ্যে বহু বিরোধী মতাবলম্বী রাজনীতিবিদকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।