সাবেক বিচারপতিদের আইনি পেশার সুযোগ চেয়ে আবেদন, কাল শুনানি
অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে আইনি পেশা পরিচালনা-সংক্রান্ত সংবিধানের ৯৯(২) অনুচ্ছেদ সংশোধন চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। পঞ্চম সংশোধনীর রায়ের পর বিচারপতিদের আপিল বিভাগে মামলা পরিচালনা-সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য আবেদনটি করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আজ সোমবার তিনি আবেদনটি আপিল বিভাগে উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ কাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, পঞ্চম সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায়ের পর ১৯৭২ সালের সংবিধান ফিরে এসেছে। ওই সংবিধানে বলা আছে, অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি আদালতে আইনি পেশা চালাতে পারবেন না। ১৯৭৭ সালে সামরিক ঘোষণার মাধ্যমে সংবিধান সংশোধন করে অবসরপ্রাপ্ত বিচারপতিদের আইনি পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু পঞ্চম সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায়ের পর বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা আইনজীবী হিসেবে মামলা চালাতে পারছেন না। এতে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।মাহবুবে আলম আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি এখন সংসদে প্রক্রিয়াধীন। এ বিষয়ে সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সাবেক বিচারপতিদের আইন পেশা চালিয়ে যাওয়ার বিষয়টি মার্জনা চাওয়া হয়েছে। অর্থাত্ চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আবেদনে তাঁদের কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।