সাবেক মন্ত্রী আবদুল আলীম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর করা জামিন আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করে এই সময় পর্যন্ত তাঁকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ আদেশ দেন। আলীমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।গত রোববার ট্রাইব্যুনাল আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে (যাতায়াতের সময় বাদে) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। রোববার রাতে জয়পুরহাট শহরের সদর রোডের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত নয়টা ৪০ মিনিটের দিকে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়।সকাল সাড়ে ১০টায় এজলাসে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ তিন সদস্য। এর আগে সাদা লুঙ্গি ও ফতুয়া পরা আবদুল আলীম ক্র্যাচ ও পুলিশের কাঁধে ভর দিয়ে এজলাসে আসেন। কাঠগড়ায় হাতলযুক্ত চেয়ারে তাঁকে বসতে দেওয়া হয়।শুরুতে প্রসিকিউশন শাখার সদস্য প্রসিকিউটর জেয়াদ-আল মালুম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত আদেশ তামিল করা হয়েছে। সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আলীমকে আটক রাখা প্রয়োজন। ট্রাইব্যুনালের ৩(২) ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। একাত্তর সালে সংঘটিত হত্যাকাণ্ডের মধ্যে একটি মহকুমা শহরে বেশি হত্যাকাণ্ড হয়। ১০ হাজারের বেশি লোককে গুলি ও জবাই করে হত্যা করা হয়। এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, ১০ হাজারের অভিযোগ কি তাঁর বিরুদ্ধে? জবাবে প্রসিকিউটর বলেন, মুসলিম লীগের স্থানীয় নেতা হওয়ায় তিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। সীমান্ত এলাকায় শান্তি কমিটি, রাজাকার বাহিনী ও সহযোগীরা ১০ হাজার নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করেছে বলে তদন্তে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।এ পর্যায়ে আলীমকে পরবর্তী আটকাদেশ না দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করে তাঁর আইনজীবী তাজুল ইসলাম বলেন, আলীমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি অসুস্থ। হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। এ পর্যায়ে তাঁকে জামিন দিতে পারেন। ট্রাইব্যুনাল বলেন, আপনি তো কোনো জামিনের আবেদন দেননি। জবাবে আইনজীবী বলেন, ‘আলীমের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা আমরা জানি না। তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগনামার অনুলিপি পেলে জামিনের আবেদন করা যাবে।’ এ সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশন শাখার সদস্যকে তদন্তকারী কর্মকর্তার অভিযোগনামার অনুলিপি তাঁকে সরবরাহের নির্দেশ দিয়ে বেলা দুইটা পর্যন্ত শুনানি মুলতবি করেন।প্রসিকিউশন শাখার সদস্য আলীমের বিরুদ্ধে আনা অভিযোগের অনুলিপি তাৎক্ষণিক তাঁর আইনজীবীকে দেন। শুনানি মুলতবির পর আলীমকে আবার ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।মুলতবির পর: মুলতবির পর বেলা দুইটায় ট্রাইব্যুনাল বসে। এর আগেই আলীমকে হুইল চেয়ারে করে এজলাসে আনা হয়। শুনানির শুরুতে তাজুল ইসলাম জামিনের আবেদন দাখিল করেন। এ সময় জেয়াদ-আল মালুম বলেন, ‘আদালত বসার ১৫ মিনিট পূর্বে পৌনে দুইটায় আমরা জামিন আবেদনের কপি পেয়েছি। জামিন আবেদনের বিরোধিতা করে আমরা বক্তব্য রাখব। তাই প্রস্তুতি ও সময় প্রয়োজন।’এরপর তাজুল ইসলাম বলেন, আবেদনকারী একাধিকবার সংসদ সদস্য ছিলেন। মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তাঁর বয়স ৮০ বছরের ওপর। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। তাই কারাগারে তাঁর নিবিড় পর্যবেক্ষণ ও সেবা সম্ভব হবে না।মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ আলীমের বিরুদ্ধে আনা হয়েছে তা সঠিক নয় দাবি করে তাজুল বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা, সংখ্যালঘু ও হাজার হাজার লোকের জীবন রক্ষা করেছেন ও অনেককে সাহায্য করেছেন। তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি ও সাক্ষীদের প্রভাবিত করার যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। তাঁর বয়স ও বর্তমান শারীরিক অবস্থার বিভিন্ন দিক বিবেচনা করে ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করতে পারেন।এরপর আড়াইটার দিকে ট্রাইব্যুনাল আদেশ দেন। বেলা পৌনে তিনটার দিকে আলীমকে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কারা সূত্র জানায়, সন্ধ্যায় তাঁকে ঢাকা থেকে গাজীপুর কারাগারে নেওয়া হয়।শুনানিকালে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও আলতাফ উদ্দিন আহমেদ, তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।