সাবেক মন্ত্রী আলীম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত নয়টা ১০ মিনিটে জয়পুরহাট শহরের সদর রোডের (সদর থানার পাশে) বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ট্রাইব্যুনাল থেকে বেলা দুইটা ৫০ মিনিটে আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্যাক্সযোগে পুলিশ সুপারের কার্যালয়ে আসে। রাতে ওই পরোয়ানামূলে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে জয়পুরহাট সদর থানায় নেওয়া হয়। রাত নয়টা ৪০ মিনিটের দিকে তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।এর আগে গতকাল বেলা ১১টার দিকে আবদুল আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে এবং তাঁর স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করতে বলা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।২৩ মার্চ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন শাখার মাধ্যমে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আলীমকে গ্রেপ্তার ও আটক রাখার আবেদন করে। পরদিন ট্রাইব্যুনাল ২৭ মার্চ (রোববার) এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, মুক্তিযুদ্ধকালে আলীম ছিলেন জয়পুরহাট শান্তি কমিটির চেয়ারম্যান। ওখানে তাঁর নেতৃত্বে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। ওই সময় জয়পুরহাটের আওয়ামী লীগের নেতা আবুল কাশেমকে আটক করে হত্যার পর আখখেতে ফেলে দেওয়া হয়। আলীমের নেতৃত্বে ২৬ জন মুক্তিযোদ্ধাকে ধরে ভারতীয় অনুচর ঘোষণা করে শহর প্রদক্ষিণের পর হত্যা করা হয়। কারও লাশ মাদ্রাসাসংলগ্ন কূপে ও কারও লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। সীমান্ত অতিক্রমের সময় জয়পুরহাটে ১০ হাজার শরণার্থীকে তাঁর নেতৃত্বে হত্যা করা হয়।আলীমকে গ্রেপ্তারের আরজি জানিয়ে হায়দার আলী বলেন, তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে বেশ কিছু তথ্য-প্রমাণ পেয়েছে। আরও সাক্ষ্য-প্রমাণ আসছে। এ অবস্থায় সাক্ষীদের অনেকেই ভীতসন্ত্রস্ত। তিনি মন্ত্রী ছিলেন। বাইরে থাকলে যথার্থ ও কার্যকর তদন্ত বিঘ্নিত হবে। তাই সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার বা আটক রাখা প্রয়োজন। অভিযোগের সমর্থনে কী তথ্য-প্রমাণ রয়েছে, ট্রাইব্যুনালের এমন প্রশ্নে হায়দার আলী স্বাধীনতাযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে আলীমের একটি হাস্যোজ্জ্বল ছবি তুলে ধরেন।ট্রাইব্যুনাল আলীমের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে হায়দার আলী বলেন, তিনি রাজনীতিতে সক্রিয় নন। তাঁর বয়স কত—এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, ৮০-৮২ বছর হবে। শারীরিকভাবে সামর্থ্যবান। নিয়মিত কোর্ট-কাচারি (আইন পেশায় জড়িত) করেন। ট্রাইব্যুনাল বলেন, তদন্ত চলছে, গ্রেপ্তার না করলে ক্ষতি কী? জবাবে হায়দার আলী বলেন, তাঁর প্রভাব-প্রতিপত্তি এখনো আছে। রাজনৈতিক নেতা বলে মানুষকে উজ্জীবিত করতে পারেন। কাজেই পরোয়ানা জারি করা হোক। তদন্তের স্বার্থে এখন প্রয়োজন হওয়ায় আবেদন করা হয়েছে। এরপর ১১টার দিকে ট্রাইব্যুনাল আদেশ দেন।আদেশের পর আলীমের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আইনজীবী প্যানেলের যুক্তি ঠিক নয়। তিনি ৮২ বছরের বৃদ্ধ, দেড় বছর ধরে নজরবন্দী। তাই তিনি সাক্ষীদের প্রতি হুমকি নন।বেলা ১১টার পর বাড়ি ঘিরে রাখে পুলিশ: বেলা ১১টার পর জয়পুরহাট শহরের প্রধান সড়কে আলীমের বাসভবনের আশপাশে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারের পর উৎসুক লোকজন ওই বাড়ির সামনে ভিড় করে। জেলা বিএনপির কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করেন।আলীমকে নিয়ে পুলিশ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর বিএনপির তাঁর সমর্থিত অংশের নেতা-কর্মীরা তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল বের করেন। প্রায় একই সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর শাস্তির দাবিতে শহরে মিছিল বের করেন। কেন্দ্রীয় মসজিদের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আলীম-সমর্থিতদের মিছিলটিকে ধাওয়া করেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।জানা যায়, ২০১০ সালের ২৯ মার্চ থেকে আলীমকে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরদারিতে রাখে। তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনালের তিন সদস্যের তদন্ত দল চলতি বছরের ১০ মার্চ থেকে চার দিন ধরে সদর উপজেলার পাগলা দেওয়ান বধ্যভূমি, কড়ই কাদিরপুর বধ্যভূমি, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গণকবর এবং জেলায় পাকিস্তানি বাহিনীর হাতে নিহতদের পরিবারের লোকজনের সাক্ষাৎকার ও জবানবন্দি গ্রহণ করে।আলীমের ছোট ভাই আবদুর রকিব জানান, তাঁর ভাই আলীম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাংসদ মোজাহার আলী প্রধানের বক্তব্য জানার জন্য যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।নিজামীকে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি মুলতবি: আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশের পর প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আরজি জানান। ট্রাইব্যুনাল জানতে চান, তাঁকে কোথায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? জবাবে প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থার কাছে জানতে হবে। এরপর ট্রাইব্যুনাল ৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন। তাঁকে কোথায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তা এ সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।২৩ মার্চ নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে পরদিন ট্রাইব্যুনাল ২৭ মার্চ শুনানির দিন ধার্য করেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ট্রাইব্যুনালে আবেদন করা হয়। এ আবেদনের ওপর ৫ এপ্রিল শুনানি হবে।এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে জানান, মুজাহিদের বিষয়ে ট্রাইব্যুনাল ৫ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।