সাবেক মন্ত্রী এহছানুল হককে আদালতে নেওয়ার সময় হামলা, ১০ পুলিশ আহত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে আজ বৃহস্পতিবার চাঁদপুরের একটি আদালতে হাজির করার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন চাঁদপুর মডেল থানার ওসি কাজী আবদুল কাইউম, উপপরিদর্শক (এসআই) নজরুল, রহিম ও সার্জেন্ট দাউদ। চাঁদপুর মডেল থানার ওসি কাজী আবদুল কাইউম জানান, একাধিক মামলার আসামি এহছানুল হককে পুলিশি পাহারায় গাড়িতে আদালতে আনার সময় চাঁদপুর জেলা আদালত-সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা সড়কের একটি স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার পরও এহছানুল হককে বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়েছে।২০০১ সালের একটি মামলায় পুলিশ ওই আদালতে এহছানুল হককে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের মঞ্জুর করেন। পরে তাঁকে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।