স্বাধীনতা স্তম্ভ নির্মাণসংক্রান্ত দুর্নীতির মামলার দায় থেকে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ সাতজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আবদুল মজিদ এ আদেশ দেন। এ সময় মোশারফ হোসেনসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব জগন্নাথ দে, প্রধান প্রকৌশলী এ কে এম মুকিতুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম শহিদুজ্জামান ও মোকাররম বারী, অতিরিক্ত প্রকৌশলী বদরে ইবরিজ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকতার কামাল।আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দণ্ডবিধির ৪০৯/৪২০ ও ১০৯ ধারায় অভিযোগ গঠন করা হবে কি না, শুনানির জন্য দিন ধার্য ছিল। আজ মোশাররফ হোসেনসহ সাতজনের পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা করে দুই কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকার ক্ষতি সাধন করেছেন। ’৯৮-৯৯ অর্থবছরে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ কাজে দরপত্র আহ্বান করা হয়। কনকর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ৬৮ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৩০৪ টাকার দরপত্র প্রস্তাব করেন। এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হন। অভিযোগ করা হয়, ২৫ কোটি টাকার বেশি হলে সরকারি নীতিমালা অনুযায়ী ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভায় তা অনুমোদন করতে হবে। কিন্তু আসামিরা তা না করে মন্ত্রণালয় থেকে অনুমোদন নেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ দেন।আদেশে বলা হয়, দুঃখজনক হলেও সত্য, নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। আসামিরা কীভাবে টাকা আত্মসাত্ করেছেন, তা এজাহারে উল্লেখ নেই। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় তাঁদের অব্যাহতি দেওয়া হলো।তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ৩ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি করে। পরের বছর ২২ জানুয়ারি এজাহারভুক্ত আসামি নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামালউদ্দিন ও নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন ভূঁইয়াকে বাদ দিয়ে নতুন দুজনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।