ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলার অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক নূর হোসেন খান জানান, অভিযোগপত্রটি দুপুরে আদালতে দাখিল করা হবে। তবে গতকাল বিকেল পর্যন্ত এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি বলে আদালত সূত্র জানায়।চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে সাদেক হোসেনসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অন্য তিন আসামি হলেন: বনানীর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক।মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বনানীর ডিসিসি সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার ১১ লাখ পাঁচ হাজার টাকা ক্ষতিসাধন করেছেন। বেজমেন্টে কার পার্কিং বিলুপ্ত ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালের (বর্তমানে এয়ারটেল) কাছে ভাড়া দিয়ে এ বাবদ ২৬ লাখ ১৪ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করা হয়। এ ক্ষেত্রে আত্মসাৎ করা মোট টাকা ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ বলে এজাহারে উল্লেখ করা হয়।তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাদেক হোসেনসহ চারজন পরস্পরের যোগসাজশে বনানীর ওই মার্কেটের বেজমেন্টে ‘কার পার্কিংয়ের’ ইজারার চার লাখ ৬৭ হাজার ৪৯৯ টাকা আত্মসাৎ করেন। সব মিলিয়ে আত্মসাৎ করা অর্থের পরিমাণ ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা।এর আগে ডিসিসির নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে সাদেক হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় আরও একটি মামলা করে দুদক। গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত করা হলে মেয়রের পদ হারান সাদেক হোসেন।