সাবেক রাষ্ট্রদূত মাজেদার বিরুদ্ধে দুদকের মামলা
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মাজেদা রফিকুন্নেসার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ নিয়োগ, সরকারি অর্থ আত্মসাত্ ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে শাহবাগ থানায় আজ বুধবার তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। দুদকের পক্ষে বাদী হয়ে সহকারী পরিচালক মাহাবুবুল আলম মামলা দুটি করেন।মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১৫ জুলাই পর্যন্ত ফিলিপাইনে রাষ্ট্রদূত থাকাকালে মাজেদা রফিকুন্নেসা মালী হিসেবে মোহাম্মদ মনিরুল ও ক্লিনার হিসেবে মমতাজ বেগমকে নিয়োগ দেন।মালী মনিরুলের নামে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ সালের জুন পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় চার লাখ ৫২ হাজার ৮০৯ টাকা ও পরিচ্ছন্নতাকর্মী মমতাজ বেগমের নামে চার লাখ ১৮ হাজার ৩৩২ টাকাসহ মোট আট লাখ ৭১ হাজার ১৪২ টাকা উত্তোলন করা হয়। মালী ও পরিচ্ছন্নতাকর্মীর বেতনের সব চেক স্থানীয় কর্মচারীর মাধ্যমে নগদায়ন করে মাজেদা রফিকুন্নেসা নিজে ভোগ করেন। এভাবে তিনি মোট পাঁচ লাখ এক হাজার ১৪২ টাকা আত্মসাত্ করেন। অভিযোগে আরও বলা হয়, এ বছর বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে অনুষ্ঠান করার কথা বলে মাজেদা রফিকুন্নেসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অর্থ নেন। কিন্তু কোনো অনুষ্ঠান করা হয়নি।দুদকের সহকারী পরিচালক মাহাবুবুল আলম বলেন, মাজেদা রফিকুন্নেসার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে দুদকের একটি প্রতিনিধিদল ফিলিপাইনে পাঠানো হয়েছিল। তারা তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পেয়েছে। এর পর মামলা করা হয়। এ ছাড়া দুদকের জিজ্ঞাসাবাদে মাজেদা রফিকুন্নেসা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।