সাবেক রাষ্ট্রদূত শামসুর রহমান খানের ইন্তেকাল
সাবেক রাষ্ট্রদূত এম শামসুর রহমান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ সোমবার ভোর চারটা ২০ মিনিটের দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শামসুর রহমান তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ জোহরের নামাজের পর ধানমন্ডির সাত নম্বর রোডের মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ধামরাইয়ে কালামপুর কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি বালিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।মরহুম শামসুর রহমান খান ১৯২৭ সালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খানের ছোট ভাই। মরহুমের প্রয়াত পত্নী আফসারী খানম ছিলেন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী।পারিবারিক সূত্রে বলা হয়, আগামী শুক্রবার বাদ আসর রাজধানীর ধানমন্ডির সাত নম্বর রোডে মরহুমের বড় ভাই আতাউর রহমান খানের বাসভবনে এবং বাদ জুমা ধামরাইয়ের বালিয়ায় মরহুমের গ্রামের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। শামসুর রহমান খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। —বাসস