সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩০ মে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে। এ বছর দিনটি উপলক্ষে বিএনপি ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার থেকে দলটি কর্মসূচি পালন শুরু করেছে। ৭ জুন শাহাদাতবার্ষিকীর কর্মসূচি শেষ হবে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে: আজ রোববার ভোরে কেন্দ্রীয় ও জেলা কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর অঙ্গসংগঠনের নেতারা জিয়ার সমাধিতে ফুল দেবেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার তাঁর বাণীতে বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশের। এ দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁর সে লক্ষ্য অর্জনে আজও কাজ করে যাচ্ছে।’১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হওয়ার কিছুদিন পর জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন।বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব দিনটি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করবে। জিয়া সাংস্কৃতিক সংগঠন সমাধি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।