সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ৩০ মে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে। এ বছর দিনটি উপলক্ষে বিএনপি ১২ দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে—আজ সোমবার ভোরে কেন্দ্রীয় ও জেলা কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর অঙ্গসংগঠনের নেতারা জিয়ার সমাধিতে ফুল দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক অভিধা থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত করেছিলেন। এ দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁর সে লক্ষ্য অর্জনে আজও কাজ করে যাচ্ছে।’প্রসঙ্গত, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হওয়ার কিছুদিন পর জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন।বিএনপি ছাড়াও বেশ কিছু দল ও সংগঠন দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করবে। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আজ সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। বিএনপির চিকিৎসকদের সংগঠন ড্যাব দিনটি উপলক্ষে জিয়ার সমাধিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী রোগীদের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সকালে জিয়ার সমাধির সামনের সড়কে মানববন্ধন করবে।