সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চাঁদপুরের একটি আদালত। আজ রোববার ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে বেলা দুইটায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজমের আদালতে হাজির করা হলে আদালত এই নির্দেশ দেন।মিলনের আইনজীবী মাইনুল ইসলাম জানান, এই মামলায় আদালতে রাষ্ট্রপক্ষ মিলনের পাঁচ দিনের রিমান্ড চায়। অন্যদিকে মিলনের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। কিন্তু আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মিলনকে ‘প্রয়োজনে’ জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ছাড়া ১০ মের মধ্যে আদালতে এই মামলার প্রতিবেদন দাখিল এবং ২২ মে মিলনকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়।চাঁদপুরের কচুয়া থানায় গত ১৯ এপ্রিল এই মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে সাইফুল ইসলাম ওরফে মাইকেল।মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ১১ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সেঙ্গুলিয়া গ্রামে রাস্তার ওপর অস্ত্র দেখিয়ে মিলন ও তাঁর লোকজন ভয় দেখিয়ে চাঁদা চায়। চাঁদা দিতে না চাওয়ায় তাঁকে মারধর করা হয়।মামলায় মিলনকে প্রধান আসামি করে মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।মিলন মোট ২২টি মামলায় জামিন পেয়েছে। মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালতসহ বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। মিলন এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক। মিলনের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় এই পর্যন্ত আদালতে ১৯ বার রিমান্ড চাওয়া হয়।