সাবেক শিল্পসচিবের ব্যাপারে প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় পলাতক আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. নুরুল আমিনের ব্যাপারে পুলিশি প্রতিবেদন আজ সোমবার আদালতে দাখিল করা হয়েছে। তবে পলাতক আরেক আসামি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবেদন না আসায় আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।অন্যদিকে এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছেন চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারওয়ার। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও বাবরসহ কারাবন্দী ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।গত ১ আগস্ট এই আসামিদের উপস্থিতিতে প্রায় চার বছর পর মামলার বিচারপ্রক্রিয়া আবার শুরু হয়।২০০৭ সালের নভেম্বরে আদালতে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের আবেদন জানানোর পর থেকে বিচারপ্রক্রিয়া স্থগিত ছিল। পুলিশের অপরাধ দমন তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত শেষে গত ২ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে বিচার শুরুর পথ খুলে যায়।উপস্থিত অন্য আসামিরা হলেন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক (এনএসআই) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সামরিক মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহম্মদ, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসীনউদ্দিন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (জিএম) এনামুল হক চৌধুরী, হাফিজুর রহমান ও শ্রমিক সরবরাহকারী ঠিকাদার দীন মোহাম্মদ।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনের সহায়তায় বিশাল চালানের এসব অস্ত্র ভারতে উলফার ঘাঁটিতে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।