১০ ট্রাক অস্ত্র আটক মামলায় পলাতক আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিনের ব্যাপারে গতকাল সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাতে বলা হয়, নুরুল আমিনকে তাঁর ঢাকার মোহাম্মদপুরের বাসাসহ কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়।এই মামলার আরেক পলাতক আসামি ভারতীয় নাগরিক পরেশ বড়ুয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবেদন না পাওয়ায় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আগামী ৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।এদিকে গতকালও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু ৎ ফুজ্জামান বাবরসহ কারাবন্দী সব আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল শুনানির আগে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এবং আদালত ভবনে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে আদালতে শুনানির সময় কোনো সাংবাদিককে এজলাসে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে চট্টগ্রামের আদালতে এমন ঘটনা কখনো ঘটেনি বলে জানা গেছে। সাধারণত পারিবারিক বিচার এবং সামরিক আদালতের বিচারের ক্ষেত্রে সাংবাদিকদের আদালতকক্ষে ঢুকতে দেওয়া হয় না। আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে একে একে ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। নিজামী ও বাবর ছাড়া অন্য নয়জন আসামি হলেন: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, প্রতিরক্ষা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক (পরে এনএসআইয়ের মহাপরিচালক হন) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহম্মদ, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দীন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক এনামুল হক, চোরাকারবারি হিসেবে পরিচিত হাফিজুর রহমান ও শ্রমিক সরবরাহের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক দীন মোহাম্মদ।আদালত সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পাঁচ মিনিট পর্যন্ত শুনানি চলে। বাবরের জামিন আবেদন করে তাঁর আইনজীবী শুনানিতে অংশ নিয়ে বলেন, ‘বাবর সাহেবের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বাবরকে আসামি করা হয়েছে।’ জামিনের বিরোধিতা করে সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ আদালতে বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে বাবর ভূমিকা রেখেছেন, যা একাধিক সাক্ষীর বক্তব্যে উল্লেখ আছে। যে রাজনৈতিক হয়রানির কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। কারণ এই মামলার অধিকতর তদন্তের আদেশ হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।আদালত বলেছেন, পরেশ বড়ুয়ার ব্যাপারে প্রতিবেদন না আসা পর্যন্ত এ মামলার বিচারকাজ শুরু করা যাবে না। গত ২৯ জুন তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি ভারতীয় নাগরিক। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে তাঁর গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়।এদিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারওয়ার গতকাল বিকেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু ৎ ফুজ্জামান বাবরের জামিন আবেদন নাকচ করে দেন। গতকাল সকালে তাঁর জামিন শুনানি হয়।