সাবেক সাংসদ হত্যা মামলায় স্ত্রী-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারকে হত্যার অভিযোগে তাঁর দ্বিতীয় স্ত্রী আয়শা বেগম ও তাঁর (আয়শা বেগম) প্রথম পক্ষের ছেলে মাসুদ ইকবালকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিহতের ছেলে কুতুব উদ্দিন তালুকদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার বিবরণে জানা যায়, সত্মা ও তাঁর ছেলে মাসুদ ইকবাল জালাল তালুকদারকে হত্যা করেছে, এমন সন্দেহে কুতুব উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরও উল্লেখ করা হয়, তাঁদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পেছনে আরও কেউ থাকলে তা বের হয়ে আসবে।সরেজমিনে গিয়ে জানা যায়, জালালের দ্বিতীয় স্ত্রী আয়শা বেগমসহ ১০জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পুলিশ ওই সাংসদের শোবার ঘর থেকে একটি রিভলবার, একটি গুলির খোসা, পাঁচটি গুলি ও একটি রাইফেল জব্দ করেছে। জালাল গুলিবিদ্ধ হওয়ার পর কেউ আবার রিভলবারটি রিভলবারের ব্যাগে ঢুকিয়ে রাখে। মঙ্গলবার ওই ঘটনার সময় আয়শা খানম, জালাল তালুকদার ও তিনজন কর্মচারী বাড়িতে ছিলেন বলেও জানা গেছে।বাড়ির কর্মচারী কাজল (৩৩) জানান, গত মঙ্গলবার সকাল প্রায় সাতটার দিকে তিনি ওই বাড়িতে ঢুকে সোজা রান্না ঘরের দিকে যান। কিছুক্ষণ পর তিনি চিত্কার শুনে জালালের ঘরে ছুটে গেলে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে অন্যদের সহায়তায় তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক জালালকে মৃত ঘোষণা করেন।জালালের একমাত্র ছেলে কুতুব উদ্দিন তালুকদার জানান, তাঁর বাবার মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, ‘আমার সত্মা, তাঁর প্রথম পক্ষের ছেলে মাসুদ ও স্থানীয় সাংসদ মোস্তাক আহমেদ রুহী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘ঘটনার দিন আমাকে বাবার সব সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। ঘটনার ২০-২৫ দিন আগে থেকে তিনি বলতেন, “সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে”।’কুতুব উদ্দিনের বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বাবা সন্ত্রাসীদের দ্বারা খুনের আশঙ্কার কথা প্রায়ই বলতেন।’ এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কাছে সুবিচার দাবি করেন।পুলিশ সূত্রে জানা গেছে, জালাল তালুকদারের সঙ্গে তাঁর ছেলের (কুতুব উদ্দিন) সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সাধারণ ডায়েরিও হয়েছে কয়েকটি। তবে একপর্যায়ে জালাল ছেলের বিরুদ্ধে করা ডায়েরি তুলে নেন। জালাল তালুকদার হত্যার সঙ্গে আপনি জড়িত বলে অভিযোগ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে সাংসদ মোস্তাক আহমেদ রুহী বলেন, ‘এটা তদন্তের মধ্যেই বের হয়ে আসবে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে সব বের হয়ে আসবে। এসব অনেক কথা আসতেই পারে।’দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, কুতুব উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে আয়শা বেগম ও তাঁর ছেলে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।