সাবেক সাংসদের মেয়ের গাড়ি ফেনসিডিলসহ আটক
রাজধানীর মিরপুর রোডে আজ বুধবার সন্ধ্যায় ফেনসিডিলসহ একটি একটি প্রাইভেট কার আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক গাড়িটি বিএনপির সাবেক এক সাংসদের মেয়ে ও জামাতার। পূর্ব ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সার্জেন্ট এবিএম মিজানুর রহমান প্রথম আলোকে জানান, আজ সন্ধ্যা সাতটার দিকে ঢাকা কলেজের উল্টোদিকের মিরপুর রোডের পাশে হোন্ডা একর্ড মডেলের একটি কার পার্কিং অবস্থায় পান। এতে যাত্রী ও গাড়ির চালকও ছিল না। তিনি চালকের আসনের পাশের দরজা টান দিলে সেটিও খুলে যায়। এরপর গাড়ি তল্লাশি করে আসনের নিচে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। নিউমার্কেট থানা সূত্র জানায়, প্রাইভেট কারের সামনের কাচের ওপর সংসদ সদস্য লেখা একটি স্টিকার উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু ব্যাংক হিসাব ও ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের কাগজপত্র জব্দ করা হয়েছে। এতে ফারহানা কদর ও রাসেলের নাম উল্লেখ করা হয়েছে। ফারহানা কদরের বাবার নাম আলী কদর উল্লেখ করা হয়েছে। এছাড়া অনেকগুলো ছাপানো ছবি পাওয়া গেছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের চোখে ফাঁকি দিয়ে সাংসদের স্পিকার লাগিয়ে গাড়িতে ফেরি করে ফেনসিডিল বিক্রি করা হচ্ছিল। পুলিশ দেখে তারা গাড়ি রেখে পালিয়ে গেছে। তবে গাড়ি দাবিদার কেউ থানায় আসেনি। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে। সাবেক সাংসদ আলী কদরের ছেলে ইফতে হক কদরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, গাড়িটি তার বোন ফারহানা কদর ও ভগ্নিপতি রাসেলের। তারা মাদক ব্যবসায় জড়িত নয় বলে তিনি দাবি করেন। জানা গেছে, সাবেক সাংসদ আলী কদর মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।