সাবেক সিইসি-কমিশনারদের সংলাপে আমন্ত্রণের চিন্তাভাবনা ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের এ কথা জানান। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কমিশন ইতিবাচকভাবে স্বাধীনতার পর থেকে যাঁরা সিইসি এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানো কথা ভাবছে। কমিশন মনে করে, তাঁদের নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। তাঁদের সেই অভিজ্ঞতা বর্তমান কমিশনের কাজে লাগবে।’ জাবেদ আলী জানান, ঈদের পর সংলাপ হতে পারে। জাবেদ আলী ব্যক্তিগতভাবে সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের আইন সংস্কারের কয়েকটি প্রস্তাবকে সমর্থন করেন। তিনি বলেন, ‘আগের কমিশন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কমিশনের সঙ্গে পরামর্শ করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলে আইন সংস্কারের প্রস্তাব করেছে। তাঁদের এই প্রস্তাব যথেষ্ট যৌক্তিক। আমি মনে করি শুধু এই চারটি মন্ত্রণালয় নয়, শিক্ষা, স্বাস্থ্য এবং ভূমি মন্ত্রণালয়ের কর্তৃত্বও কমিশনের হাতে ন্যস্ত করা উচিত। কারণ, এসব মন্ত্রণালয়ের বেশির ভাগ কর্মকর্তা ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন।’ প্রসঙ্গত, সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ ইতিমধ্যেই আগের কমিশনের এ-সংক্রান্ত প্রস্তাব নাকচ করেছেন। জাবেদ আলী আরও বলেন, ‘আগের কমিশন ঢাকা মহানগরের আসন সংখ্যা ১০টিতে সীমাবদ্ধ করে দেওয়ার প্রস্তাব করেছে। কিন্তু যৌক্তিক কারণেই ঢাকা শহরের আসন সংখ্যা আটটি করে দেওয়া উচিত। বর্তমানের জনসংখ্যার হিসাব অনুযায়ী ঢাকা জেলার আসন সংখ্যা ২৫ এবং মহানগরে ২০টির মতো হওয়ার কথা। এটি গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে থাকলে সব আসন তো ঢাকার হয়ে যাবে। অন্য জেলায় কী থাকবে!’ জাবেদ আলীর মতে, ঈদের পরে ঢাকায় যে পরিমাণ লোকজন থাকেন, সেটাই ঢাকার আসল জনসংখ্যা। তাই জনসংখ্যা গণনার কাজ করা উচিত ঈদের পরবর্তী এক সপ্তাহের মধ্যে। তাতে কোনোভাবেই ঢাকা জেলার আসন সংখ্যা ১৫টির বেশি হবে না। নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে জাবেদ আলী মনে করেন। তিনি বলেন, আইন অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচ বছর। কিন্তু সংসদ তার আগেও ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রে কমিশনকে ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। সুতরাং যাবতীয় প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে।